নিজস্ব প্রতিবেদক: যশোরের এক যুবককে প্রতারণার মাধ্যমে মাগুরা সমাজসেবা অধিদপ্তরে চাকরির ভুয়া নিয়োগপত্র দিয়ে ১৯ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে আদালতে মামলা হয়েছে। যশোর সদর উপজেলার কাশিমপুর গ্রামের রুহুল আমিন বাবু এই মামলা করেন। বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. মঞ্জুরুল ইসলাম আসামি আরিফ হোসেনের বিরুদ্ধে সমনজারির আদেশ দিয়েছেন। আরিফ হোসেন কুমিল্লার বুড়িচং উপজেলার সংগুসেন গ্রামের আনছার আলীর ছেলে।
মামলার বিবরণ মতে, যশোর সদরের কাশিমপুর গ্রামের আলা উদ্দিনের মাধ্যমে রুহুল আমিন বাবু জানতে পারেন আরিফ হোসেন বিভিন্ন সরকারি দফতরে লোক নিয়োগ দিতে পারেন। রুহুল আমিন বাবু তার ভাই বনি আমিনকে সরকারি চাকরির জন্য আলা উদ্দিদের মাধ্যমেই আরিফের সাথে যোগাযোগ করেন। এসময় সমাজসেবা অধিদফতরে চাকরি দিতে তার কাছে ২০ লাখ টাকা দাবি করেন আরিফ। তার কথা বিশ্বাস করে রুহুল আমিন ভাইয়ের চাকরির জন্য প্রথমে ৭ লাখ ও পরে বিভিন্ন সময়ে ১৯ লাখ ৭ হাজার টাকা দেন। শর্ত অনুযায়ী আরিফ তার ভাইকে মাগুরা সমাজসেবা অধিদফতরের একটি নিয়োগ পত্র দেন। ওই নিয়োগপত্র নিয়ে বনি আমিন মাগুরা সমাজসেবা কার্যালয়ে যোগদান করতে গিয়ে জানতে পারেন নিয়োগ পত্রটি ভুয়া। আরিফ পরিকল্পিতভাবে প্রতারণা করে টাকা আত্মসাতের জন্য একটি ভুয়া নিয়োগপত্র তৈরি করে তাকে দিয়েছেন। পরবর্তীতে নিয়োগপত্রটি ভুয়া বলে জানিয়ে আরিফের কাছে টাকা ফেরত চাইলে দিতে অস্বীকার করায় রুহুল আমিন বাবু আদালতে মামলা করেছেন।
