চুড়ামনকাটি (যশোর) প্রতিনিধি
ঈদুল ফিতর উপলক্ষে ভিজিএফের চালের কার্ড স্ক্যানের করে প্রিন্ট দিয়ে গরীবের মাঝে বিতরণ করে চাল গ্রহণের সময় ধরা পড়ে একাধিক অসহায় মানুষ। ফলে চাল না নিয়েই বাড়িতে ফিরতে হয় অনেকের। ঘটনাটি ঘটেছে শনিবার যশোর সদরের কাশিমপুর ইউনিয়ন পরিষদে।
জানা যায়, গরীবদের মাঝে বিতরণের জন্য কাশিমপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মৃত বিলায়ত মোল্লার ছেলে আওয়ামী লীগ নেতা তোহিদুর রহমান তোহিদকে ৫টি চালের কার্ড দেন স্থানীয় চেয়ারম্যান শরিফুল ইসলাম। সুচতুর তোহিদ এই কার্ড স্ক্যান করে একাধিক কার্ড তৈরি করে মানুষের মাঝে বিতরণ করেন। সেই কার্ডে চাল তুলতে গিয়ে বিপাকে পড়ে একাধিক অসহায় গরীব মানুষ। চাল দেওয়ার সময় পরিষদ থেকে বলা হয় এই কার্ডগুলো ভুয়া।
ভুয়া কার্ড নিয়ে চাল তুলতে যাওয়া দৌলতদিহি আশ্রয়ণ প্রকল্পের শহিদুল ইসলাম বলেন, উক্ত ২টা কার্ড গতকাল শুক্রবার তোহিদ আমাকে দিয়ে চাল তুলে নিয়ে আসতে বলে। এসে দেখি কার্ড নাকি ভুয়া।
এ ব্যাপারে ৪নং ওর্য়াডের ইউপি সদস্য মতিয়ার রহমান জানান, চাল দেওয়ার সময় আমরা ৯টি ভুয়া কার্ড পাই। পরে কার্ডধারীদের নিকট জানতে চাইলে তারা জানায়, কার্ডগুলো তোহিদ তাদের দিয়েছে। মতিয়ার রহমান আরো জানান, প্রতারণার শিকার সকলকে চাল দেওয়ার ব্যবস্থা করা হবে।
