কল্যাণ রিপোর্ট: শ্রদ্ধা ভালোবাসা আর চোখের পানিতে এলাকাবাসী বিদায় দিলেন তাদের প্রিয়জন ড. ফারুককে। চিরনিদ্রায় শায়িত হলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের অধ্যাপক ড. ফারুক হোসাইন। হাজার মানুষের অংশগ্রহণে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বাদআসর যশোর সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়নের দোগাছিয়া আহসাননগর মাদ্রাসা ময়দানে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এর পর পারিবারিক কবরস্থানে তাকে চিরনিদ্রায় শায়িত করা হয়েছে।
জানাজায় ইমামতি করেন মরহুমের বড় ভাই দৈনিক নয়াদিগন্তের চিফ রিপোর্টার হারুণ জামিল। এতে শীর্ষস্থানীয় আলেম ও রাজনীতিবিদ, সংবাদিকসহ বিভিন্ন শ্রেণি পেশার বিপুল সংখ্যাক মানুষ অংশ নেন। জানাজার আগে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, বিএনপির খুলান বিভাগীয় সাংগঠনিক সম্পাদক (ভারপ্রাপ্ত) অনিন্দ ইসলাম অমিত, পাবনা বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাজ কর্ম বিভাগের প্রতিষ্টাতা সভাপতি ড. আওয়াল কবীর জয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজ কর্ম বিভাগের প্রফেসর ড. আশরাফুজ্জামান, প্রফেসর ড. আক্তার হোসেন মজুমদার, সহযোগী অধ্যাপক ড. জামিরুল ইসলাম, দোগাছিয়া আহসান নগর জামে মসজিদের ইমাম আব্দুল ওয়াদুদ। জানাজায় আরও উপস্থিত ছিলেন প্রেসক্লাব যশোরের সম্পাাদক তৌহিদুর রহমান, সাবেক সম্পাদক আহসান কবীর, লোকসমাজ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক আনারুল কবির নান্টু, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক উইনিয়নের সহসভাপতি রাশেদুর ইসলাম, নির্বাহী সদস্য এইচ এম আলাউদ্দিন, সাংবাদিক নেতা শামছুর আলম খোকন, আব্দুর রাজ্জাক রানা, আকরামুজ্জামান, অধ্যাপক মশিউল আযম, যশোর জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক দেলোয়ার হোসেন খোকন, সদস্য মিজানুর রহমান খান, জামায়াত নেতা নরুননবী, চুরামনকাটি ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর মান্নান মুন্না, দৈনিক নয়াগিন্তের শার্শা প্রতিনিধি আব্দুল মান্নান প্রমুখ। ভোর থেকেই লোকে লোকারণ্য হয়ে যায় দোগাছিয়া। তারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন। স্মরণকালের এ এলাকার বৃহৎ জানাজা অনুষ্ঠিত হয়েছে।
তারা স্মৃতিচারণ করে অধ্যাপক ড. ফারুক হোসাইন কর্মবহুল জীবনের নানাদিক নিয়ে কথা বলেন এবং যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যারয়, ইসলামী বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয় ও ঢাকা বিশ্ববিদ্যারয়ের পক্ষে থেকে মরহুমের রুহের মাগফিরাত কামনা ও পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়।
অধ্যাপক ড. ফারুক হোসাইনের কফিন বিমান যোগে আজ সকাল নয়টায় মুম্বাই থেকে কলকাতা এয়ারপোর্টে পৌছায়। কলকাতা থেকে সড়ক পথে দুপুর ১২টায় পেট্টাপোল পৌছায়।
মঙ্গলবার দুপুরে বেনাপোল স্থালবন্দর দিয়ে দেশে পৌছায়। দৈনিক নয়াদিগন্তের চিফ রিপোর্টার হারুন জামিলসহ পরিবারের সদস্যরা তার কফিন গ্রহণ করেন
ক্যান্সারে আক্রান্ত হয়ে ফারুক হোসাইন ইন্তেকাল করেছেন। সোমবার ভোর পৌনে ৬টায় ভারতের মুম্বাইয়ের টাটা মেমোরিয়াল হাসপাতালে মৃত্যুবরণ করেন তিনি।
অধ্যাপক ফারুক ২০১৯ সালে ফুসফুস ক্যান্সারে আক্রান্ত হন। ভারতের টাটা মেমোরিয়াল হাসপাতালে দীর্ঘদিন চিকিৎসাধীন ছিলেন। এরপর তিন চার মাস আগে চেকআপ করতে গিয়ে দেখেন তার ওষুধগুলো ঠিকমতো কাজ করছে না। ফলে কেমো দেয়া হয়। সেখানে তাকে অক্সিজেন সাপোর্টে রাখা হয়েছিল।
অধ্যাপক ফারুক হোসাইন ১৯৭২ সালে যশোর সদর উপজেলার দোগাছিয়ায় জন্মগ্রহণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট থেকে ১৯৯৩ ও ১৯৯৪ সালে তিনি যথাক্রমে বিএসএস (সম্মান) ও এমএসএস পরীক্ষায় প্রথম শ্রেণিতে উত্তীর্ণ হন। ২০০২ সালে তিনি রাবি সমাজকর্ম বিভাগে প্রভাষক পদে যোগ দেন ও ২০১৭ সালে অধ্যাপক পদে উন্নীত হন। তিনি স্ত্রী এবং এক মেয়ে রেখে গেছেন।