নিজস্ব প্রতিবেদক
যশোরের চিহ্নিত তিন উড়ন্ত ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ। এ সময় ছিনতাইকাজে ব্যবহৃত মোবাইল ফোন ও একটি ফোর-বি মোটরসাইকেল উদ্ধার করা হয়। কোতোয়ালি থানা পুলিশ গত শনিবার রাত ও রোববার দুপুরে পৃথক অভিযানে তাদের আটক করে।
আটককৃতরা হলো, যশোর শহরতলীর বিরামপুর গ্রামের পশ্চিমপাড়ার জাহিদ খানের ছেলে আকাশ খান, বিরামপুর হাফেজপাড়ার রফিকুল ইসলামের ছেলে জিসান খান এবং বিরামপুর পশ্চিমপাড়ার মৃত আব্দুল কাদেরের ছেলে আমিনুর রহমান। এই ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা দিয়ে রোববার আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
কোতোয়ালি থানার এসআই আল মামুন জানান, গত ২২ অক্টোবর রাত আটটার পর যশোর সদর উপজেলার পাঁচবাড়িয়া গ্রামের দেবদাস কাজ শেষে বাইসাইকেলে শহর থেকে বাড়ি ফিরছিলেন। সে সময় তিনি মোবাইলে কথা বলছিলেন। ঠিক তখন পুরাতন কসবা কাঁঠালতলা ঢাকা রোডে পৌঁছালে একটি মোটরসাইকেলে আসা ওই তিনজন তার হাত থেকে মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। পরে দেবাশীষ দাস কোতোয়ালি থানায় একটি জিডি করেন। ওই জিডির সূত্র ধরে গত শনিবার রাতে প্রথমে আকাশ খানকে আটক করা হয়। তার কাছ থেকে ছিনতাই হওয়া মোবাইল ফোন এবং ছিনতাই কাজে ব্যবহৃত অ্যাপাচি ফোর-ভি মোটরসাইকেলটি উদ্ধার করা হয়। এরপর রোববার দুপুরে আকাশের দেওয়া তথ্যের ভিত্তিতে তার সহযোগী অপর দুই আসামিকে বাড়ি থেকে আটক করা হয়। রোববার দুপুরে এ ঘটনায় ভুক্তভোগী দেবাশীষ দাস কোতোয়ালি থানায় মামলা করেন। মামলার পর তাদের আদালতে সোপর্দ করা হয়।
