নিজস্ব প্রতিবেদক: যশোরে অভিযান চালিয়ে শাহিন বিশ্বাস নামে ট্রাক চোর সিন্ডিকেটের এক সদস্যকে আটক করেছে র্যাব। এসময় তার দখল থেকে একটি চোরাই ট্রাক উদ্ধার করা হয়েছে। শনিবার রাতে শহরতলীর সুজলপুর গ্রাম থেকে ট্রাকসহ শাহিনকে আটক করা হয়। শাহিন ঝালকাঠির নলসিটি উপজেলার কুলকাঠি গ্রামের মৃত লুৎফর রহমানের ছেলে। বর্তমানে তিনি যশোর শহরের পুরাতন কসবা ঘোষপাড়ার সাধনের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করেন। র্যাব যশোর ক্যাম্পের এসআই আলমগীর হোসেন এই ঘটনায় কোতোয়ালি মডেল থানায় মামলা করেছেন।
র্যাব ক্যাম্প সূত্র মতে, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব ক্যাম্পের একটি দল গত শনিবার রাত সাড়ে ৯টার দিকে যশোর শহরতলীর সুজলপুরে অভিযানে যায়। এসময় (ঢাকা মেট্রো-ট-১৬-০৭২৭) নম্বর একটি ট্রাক সেখানে দেখতে পায়। এসময় ট্রাকে থাকা শাহিন বিশ্বাস ওই ট্রাকের মালিক বলে দাবি করে। কিন্তু তার কাছে ট্রাকের মালিকানা সম্পর্কে বৈধ কোন প্রমাণাদি দেখাতে পারেনি। এরপর তাকে ব্যাপকভাবে জিজ্ঞাসাবাদ করে র্যাব। র্যাবের জিজ্ঞাসাবাদের শাহিন বিশ্বাস জানান ট্রাকটি তার চোরাইকৃত। এরপর তাকে রাতেই থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়। এই ঘটনার মামলায় রোববার তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।