চৌগাছা (যশোর) প্রতিনিধি
যশোরের চৌগাছায় অবৈধ সংযোগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সজিব হোসেন সাজিম (২৮) নামের মাস্টার্স পড়ুয়া শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহত সাজিম উপজেলার নারায়ণপুর ইউনিয়নের হাজারখানা গ্রামের বাসিন্দা এবং যশোর সরকারি এমএম কলেজ থেকে হিসাববিজ্ঞানে মাস্টার্স পরীক্ষা দিয়েছে।
রোববার সকাল ৭ টার দিকে উপজেলার হাজারখানা মাঠ থেকে ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে।
নিহতের স্ত্রী তন্নী খাতুন বলেন, তার স্বামী ভোর চারটার দিকে পটলের ফুল ছোঁয়ানোর জন্য মাঠে যান। কাজ শেষ করে মাঠ থেকে বাড়িতে ফেরার পথে আব্দুল মান্নান হাজীর বাড়ি থেকে মাঠে অবৈধভাবে বিদ্যুতের লাইন নিয়ে যাওয়া তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চৌগাছা উপজেলা সরকারি মডেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার আল-ইমরান বলেন, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।
চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম সবুজ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
