আবদুল্লাহ আল মামুন, চৌগাছা (যশোর) প্রতিনিধি
যশোরের চৌগাছায় সাবিনা ইয়াসমিন ডলি (৩০) নামে এক গৃহবধূ ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
শনিবার (১৮ মার্চ) বিকেলে পৌর শহরের পান্টিপাড়ায় এ ঘটনা ঘটে।
ডলি উপজেলার স্বরূপদাহ ইউনিয়নের মাশিলা গ্রামের বাসিন্দা বকুল হোসেনের স্ত্রী। বর্তমানে তারা পৌর শহরের পান্টিপাড়ায় ভাড়া বাসায় বসবাস করেন।
নিহতের চাচা মশিউর রহমান জানান, ডলির আগের স্বামী মারা যায়। সে ঘরের রিফাত হোসেন (৮) নামে একটি ছেলেও আছে। স্বামী মারা গেলে ডলি মানসিকভাবে ভেঙ্গে পড়ে। দীর্ঘ দিন বিভিন্ন অসুখে ভুগছিলেন তিনি। প্রায় চার বছর আগে তিনি পরিবারের অমতে বকুল হোসেনকে বিয়ে করেন। বকুল পেশায় একজন গরু ব্যবসায়ী। বকুল ডলিকে নিয়ে পৌর শহরের পান্টিপাড়ায় ভাড়া বাসায় বসবাস করেন। আর বকুলের আগের স্ত্রী বকুলের গ্রামের বাড়ি মাশিলা থাকেন। বকুল দুই সংসারেই দেখাশুনা করে আসছিলেন।
বকুল হোসেন বলেন, ‘আমি বাসা থেকে সকালের খাবার খেয়ে গ্রামের বাড়ি (মাশিলা) যাই। দুপুর ২টার দিকে ডলি আমার মোবাইল করে বলে যে তাড়াতাড়ি বাসায় এসো, মেহমান এসেছে। আমি তখন গ্রামের বাড়িতে শুয়ে ছিলাম। পরে আর একটি মোবাইলে খবর পাই যে ডলি হাসপাতালে। আমি ছুটে চলে আসি। হাসপাতালে এসে দেখি তার মৃত্যু হয়েছে। শুনেছি, শনিবার দুপুর ৩টার দিকে তার ঘরের (ভাড়া বাসায়) অন্য ভাড়াটিয়ারা তাকে সিলিং ফ্যানের সাথে ঝুলে থাকতে দেখেন। তাদের ডাক চিৎকারে স্থানীয় লোকজন ছুটে এসে উদ্ধার করে। পরে চৌগাছা সরকারি মডেল হাসপাতালে নিলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।’
ডলির মামা মশিউর রহমান জানায়, শনিবার সন্ধ্যা পর্যন্ত ডলির লাশ চৌগাছা হাসপাতাল মর্গে ছিল।’
চৌগাছা সরকারি মডেল হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক উত্তম কুমার বলেন, ‘হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।’
চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম সবুজ বিষয়টি নিশ্চিত করেছেন।
