নিজস্ব প্রতিবেদক: যশোরের চৌগাছা উপজেলার পাতিবিলা ইউনিয়ন পরিষদ সদস্য ঠান্ডু বিশ্বাস হত্যা মামলার তিন আসামিকে গ্রেফতার করেছে র্যাব। শনিবার গভীর রাতে ঢাকার আশুলিয়া সুটিং বাড়ি এলাকা থেকে তাদের গ্রেফতার করা।
তারা হলেন, চৌগাছা উপজেলার পাতিবিলা এলাকার বাসিন্দা ফারুক হোসেন (৪০), আব্দুল খালেক (৫৫) ও তোতা মিয়া (৩৫)।
র্যাব-৬ যশোর ক্যাম্পের অধিনায়ক লে. কর্নেল এম নাজিউর রহমান বলেন, চলতি বছরের ২১ ফেব্রুয়ারি যশোরের চৌগাছা উপজেলার পাতিবিলা বাজারে ইউপি সদস্য ঠান্ডু রাজনৈতিক প্রতিহিংসায় খুন হন। এ ঘটনায় চৌগাছা থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। ওই মামলার এজাহারভুক্ত আসামি চৌগাছার পাতিবিলা এলাকার ফারুক হোসেন, আব্দুল খালেক ও তোতা মিয়া। দীর্ঘদিন পলাতক থাকার পর প্রযুক্তি ব্যবহার করে র্যাব নিশ্চিত হয় ওই তিন আসামি আশুলিয়া সুটিং বাড়ি এলাকায় অবস্থান করছেন। শনিবার গভীর রাতে তাদের গ্রেফতার করা হয়েছে। তাদেরকে আদালতে সোপর্দ করা হবে।