নিজস্ব প্রতিবেদক: ‘শুধু আমার স্বামীর আয়-রোজগারে চলতে খুব কষ্ট হয়। এই ছাগলটা পালইয়্যা আয়ের একটা পথ করমু’ রোটারী-আনোয়ারা খাতুন দুঃস্থ মহিলা কল্যাণ ট্রাস্টের সহায়তায় অসহায়দের স্বাবলম্বী করার উদ্যোগ হিসেবে ছাগল পেয়ে এভাবেই অনুভূতি জানালেন জেলজান বেগম। শুক্রবার দুপুরে রোটারী হাসপাতাল চত্বরে রোটারী-আনোয়ারা খাতুন দুঃস্থ মহিলা কল্যাণ ট্রাস্টের উদ্যোগে জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান ২১ নারীর হাতে ছাগল তুলে দেন। জেলজানের বাড়ি সদরের রূপদিয়া জিরাট এলাকায়। স্বামী গোলাম মোস্তফা রিকসা চালক। ছাগল পেয়ে জেলজান বেগম খুব খুশি। জেলজান বেগমের মতো ছাগল পেয়ে খুশি এম এম কলেজ দক্ষিণগেট এলাকার আফিয়া বেগমও। তিনি বলেন, পরের বাড়িতে কাজ করেই তার সংসার চালান। এবার ছাগলটা পেয়ে ভালো হয়েছে।
বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রোটারি ক্লাব অব যশোরের প্রেসিডেন্ট আক্তারুল ইসলাম, পাস্ট প্রেসিডেন্ট জাহিদ হাসান টুকুন, সেক্রেটারি মেহেদী হাসান, আনোয়ারা খাতুন দুুঃস্থ মহিলা কল্যাণ টেস্টের সদস্য সচিব এ জেড এম সালেক, প্রেসক্লাব যশোরের সম্পাদক তৌহিদুর রহমান, উপশহর ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ পরিতোষ কুমার বিশ্বাস প্রমুখ। অনুষ্ঠান শেষে রোটারীয়ান অ্যাডভোকেট কেনায়েত আলী শিক্ষা ট্রাস্ট থেকে যশোরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ৯২ শিক্ষার্থীর মাঝে ১ লাখ ২৪ হাজার টাকা শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।