গণমাধ্যামে খবর প্রকাশ হয়েছে, কুড়িগ্রামের রাজারহাটে ছেলের ছুরিকাঘাতে পয়ার উদ্দিন (৬০) নামে এক বাবার মৃত্যু হয়েছে। ৪ এপ্রিল দুপুরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। এ ঘটনায় ছেলে জলিল পলাতক রয়েছে। সে একাধিক বিয়ে করে। তার প্রথম দিকের দুই স্ত্রী ডিভোর্স দিয়ে চলে গেছে। গত ৩ মাস আগে নির্যাতন ও যৌতুক মামলা দিয়ে তৃতীয় স্ত্রীও চলে যায়। এ নিয়ে তৃতীয় স্ত্রীর সঙ্গে রফাদফার চেষ্টা করছিলো আব্দুল জলিল। এ জন্য বাবা পয়ার উদ্দিনকে টাকার জন্য চাপ দিচ্ছিলো সে। এ কারণে বাবা-ছেলের বাগবিতন্ডা শুরু হলে পয়ার উদ্দিনের পেটে ছুরিকাঘাত করে তার ছেলে আব্দুল জালিল (৩৩)। এ সময় স্বামীকে বাঁচানোর চেষ্টা করায় ছেলে জলিলের ছুরির আঘাতে মা জোলেখা বেগমও (৫৫) আহত হন।
সন্তানের কাছে বাবা-মা কত অবহেলিত হলে সেই বাবা-মাকে ছেলে হত্যা করতে পারে। এ কথাটা শোনাও বোধ হয় পাপ। অনুভূতিপ্রবণ মানুষ এ ঘটনায় প্রতিবাদমুখর না হয়ে পারে না। কোন বিবেকে কোন মানসিকতায় ছেলে বাবাকে হত্যা করে আর মাকে হত্যা করতে ছুরিকাঘাত করে তা ভেবে পাওয়া কঠিন। এর আগে যশোরের পল্লীতে জমাজামির ভাগবাটোয়ারা নিয়ে ছেলেরা জোট করে তাদের বাবাকে পিটিয়ে হত্যা করেছিল।
কিছুদিন আগে চৌগাছায় বিত্তবান ছেলেদের মাকে বাঁশ বাগানের এদো খানার পাশের একটি ঘর নামের ঝুপড়ি থেকে উদ্ধার করা হয়। কিন্তু অদূরে সন্তানরা থাকে ফ্লাটবাড়িতে। বরিশালের আগৈলঝাড়া উপজেলার খাজুরিয়া গ্রামের ৮৫ বছরের এক মাকে তার ছেলেরা তাদের দোতলা বাড়িতে না নিয়ে তাড়িয়ে দেয়। বৃদ্ধা রশি বেগম আশ্রয় নেন অন্যের জায়গায়, ঝুপড়ি ঘরে। শেষ বয়সে নানা জটিল রোগে ভুগছিলেন ওই মা। জানিনে তিনি আজো বেঁচে আছেন কি না। নড়াইলে ছেলেরা তাদের মাকে ফেলে দিয়ে এসেছিল বাঁশবাগানে। আদর যতেœ বৃদ্ধা তার সন্তানদের মানুষ করেছেন। ছেলেরা বড় হয়ে আলাদা সংসার পেতেছে। কিন্তু মার দায়িত্ব আর কেউ নিতে রাজি হচ্ছে না। এ অবস্থায়ও বৃদ্ধা কারো কাছে তার সন্তানদের নাম বলছেন না এই ভেবে যে যদি তার সন্তানদের কোনো ক্ষতি হয়। মায়ের এ মমত্ববোধ কে বুঝবে। বন্য পশুর মধ্যে আর বৃদ্ধার এ কয় সন্তানের মধ্যে পার্থক্য করা যায় কি? বন্য মা-পশুর বাচ্চাগুলো বড় হয়ে গেলে যে যার মতো এদিক সেদিক চলে যায়। মার ভাগ্যে কি হলো তা আর তারা দেখে না। এটা প্রাকৃতিক বিধান। এ বিধান পশুর জন্য প্রযোজ্য। মানুষের জন্য নয়। কারণ মানুষ আশরাফুল মখলুকাত অর্থাৎ সৃষ্টি সেরা জীব। যারা মানুষের সমাজে বাস করেও পশুর মতো আচরণ করে তাদের এ সমাজে বাস করার কোনো অধিকার থাকা উচিত নয়। বনই তাদের জন্য উপযুক্ত স্থান।
মায়ের দোয়া ছাড়া ইহকাল পরকাল কোনো কালেই সন্তানের কল্যাণের আশা নেই। মায়ের পদতলে সন্তানের বেহেস্ত। ধর্মের এই মর্মবাণী কি তাদের কানে কোনো দিন পৌঁছায়নি? মাকে আশ্রয়ের জন্য প্রশাসনের হস্তক্ষেপ করতে হলো। কিন্তু মার প্রতি যদি সন্তানের সম্মান শ্রদ্ধা না থাকে তাহলে ধরে বেধে কি তা আর পাওয়া যায়?
দিন দিন পারিবারিক বন্ধন যেভাবে শিথিল হচ্ছে তাতে এক দিন দেখা যাবে প্রবীণদের দেখার বা সেবা-যতেœর কেউ নেই। এ ক্ষেত্রে সরকারি উদ্যোগে প্রবীণদের নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা করা উচিত বলে আমরা মনে করি।