নিজস্ব প্রতিবেদক
যশোরের অভয়নগর উপজেলায় ছোট ভাইয়ের বিরুদ্ধে বড় ভাইকে গলা টিপে হত্যার অভিযোগ উঠেছে। নিহতের নাম ইসমাইল হোসেন। তিনি যশোর এমএসটিপি স্কুল এন্ড কলেজের ইংরেজি বিভাগের সহকারী শিক্ষক ছিলেন।
শনিবার পুলিশ লাশ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। আর শুক্রবার রাত ১১ টার দিকে উপজেলার জাফরপুর ঘোড়া বটতলায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, আইনাল হোসেনের সেজো পুত্র ইমরান হোসেন তার বড় ভাই ইসমাইল হোসেনকে পরিবারের সদস্যদের সামনে গলা টিপে হত্যা করে পালিয়ে যায়। শুক্রবারে রাত ৯ টার দিকে দুই ভাইয়ের মধ্যে ঝগড়াঝাটি ও বিবাদের এক পর্যায়ে রাত ১১টার দিকে ছোট ভাই ইমরান হোসেন বড়ভাই ইসমাইলকে গলা টিপে হত্যা করে পালিয়ে যায়। পরে পুলিশ লাশ উদ্ধার করে।
স্থানীয় পৌরসভার ৭ নং ওয়ার্ডের কাউন্সিলর বিপুল শেখ বলেন, ইসমাইল হোসেন মারা গেছে শুনেছি। ছোট ভাই ইমরান হোসেনের মাথায় কিছুটা সমস্যা আছে।
অভয়নগর থানার ওসি তদন্ত মিলন কুমার মন্ডল জানান, ইসমাইল হোসেন ও তার ছোট ভাই ইমরান হোসেন এর মধ্যে ঝগড়াঝাটি হয়। পরে ইসমাইল হোসেন মারা যায়। লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। শনিবার থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। চিকিৎসক বলেছেন- গলার রগের সমস্যার কারণে ইসমাইলের মৃত্যু হয়েছে।
