নিজস্ব প্রতিবেদক
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ (সদর) আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ও খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, জনগণ টাকার বিনিময়ে তাদের ভোট নামক পবিত্র আমানতের খেয়ানত করবে না। সাধারণ মানুষের প্রতি তার পূর্ণ আস্থা ও বিশ্বাস রয়েছে বলেও জানান তিনি।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৮টা ৪০ মিনিটে যশোর সরকারি টিচার্স ট্রেনিং কলেজ কেন্দ্রে নিজের ভোটাধিকার প্রয়োগ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
দেশের বিভিন্ন স্থানে একটি বিশেষ রাজনৈতিক দলের অর্থের প্রভাব বিস্তারের অভিযোগ প্রসঙ্গে অমিত বলেন, “সেই বিশেষ রাজনৈতিক দলটি যশোরেও টাকার বস্তা নিয়ে মাঠে নামার চেষ্টা করেছিল, কিন্তু সচেতন জনগণ তাদের রুখে দিয়েছে। যারা মুখে সৎ লোকের শাসনের কথা বলে, অথচ অসাধু উপায়ে বা অসৎ পথে নির্বাচিত হওয়ার চেষ্টা করে, তা কোনোভাবেই কাম্য হতে পারে না।”
ভোটের পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করে তিনি বলেন, “এখন পর্যন্ত সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ চলছে। নির্বাচনী কেন্দ্রে কোনো অপ্রীতিকর ঘটনা বা বোমাবাজির খবর নেই, যা অত্যন্ত স্বস্তির বিষয়। আমি আশা করি, ভোট গ্রহণের শেষ সময় পর্যন্ত এই উৎসবমুখর পরিবেশ বজায় থাকবে।”
তিনি আরও বলেন, দীর্ঘ সময় পর জনগণ স্বতঃস্ফূর্তভাবে তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছে এবং এর মাধ্যমে তারা কাঙ্ক্ষিত সরকার গঠন করতে পারবে।
শীতের সকালের কারণে শুরুতে ভোটার উপস্থিতি কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে প্রতিটি কেন্দ্রে ভোটারদের উপস্থিতি বাড়বে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
জয়ের ব্যাপারে প্রশ্ন করা হলে অনিন্দ্য ইসলাম অমিত আত্মবিশ্বাসের সঙ্গে বলেন, “আল্লাহ ভরসা।”
