নিজস্ব প্রতিবেদক
জাতীয় খো খো চ্যাম্পিয়নশীপের পরের রাউন্ড নিশ্চিত করেছে স্বাগতিক যশোরের পুরুষ ও নারী দল। বুধবার শামস্-উল-হুদা স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে নারী দল সাতক্ষীরা জেলাকে ১৭-১ ও পরের ম্যাচে গাজীরপুর জেলাকে ১৬-১ পয়েন্টে পরাজিত করে সেমিফাইনাল নিশ্চিত করে নিবাস হালদারের শিষ্যরা।
নারী বিভাগ পরের রাউন্ড নিশ্চিত করা অপর দুটি দল হচ্ছে ‘ক’ গ্রুপের আনসার ও ভিডিপি এবং ঠাকুরগাঁও জেলা। আনসার তাদের প্রথম ম্যাচে ২৫ পয়েন্টে বাগেরহাটকে এবং দ্বিতীয় ম্যাচে ১৫-১ পয়েন্টে নড়াইল জেলাকে পরাজিত করে। ঠাকুরগাঁও ঢাকা ও নীলফামারি জেলাকে পরাজিত করে ‘সি’ গ্রুপের সেরা হওয়ার কৃতিত্ব দেখায়।
দল তিনটি পরের রাউন্ডে লীগ পদ্ধতিতে একে অপরের মুখোমুখি হবে। পয়েন্ট টেবিলের সেরা দুই খেলবে ফাইনালে।
অপরদিকে যশোরের পুরুষ দল প্রথম ম্যাচে ইনিংস ও ১১ পয়েন্টে গাজীপুর জেলাকে এবং দ্বিতীয় ম্যাচে ২০-২ পয়েন্টে দিনাজপুর জেলাকে পরাজিত করে সেমিফাইনাল নিশ্চিত করেছে। পুরুষ বিভাগ থেকে সেমিফাইনালে যশোরের সঙ্গী হয়েছে বাংলাদেশ আনসার ও ভিডিপি, বান্দরবান ও নাটোর জেলা।
আজ পুরুষ বিভাগের প্রথম সেমিফাইনালে স্বাগতিক যশোরের মুখোমুখি হবে ‘এ’ গ্রুপের সেরা বাংলাদেশ আনসার ও ভিডিপিকে। অপর সেমিফাইনালে মুখোমুখি হবে বান্দরবান ও নাটোর জেলা।
এর আগে সকালে মাঠে গড়ানো তিনদিন ব্যাপী জাতীয় খো খো চ্যাম্পিয়নশীপের ৭তম আসরের বেলুন ফেস্টুন উড়িয়ে উদ্বোধন করেন প্রধান অতিথি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি ও যশোর-৩ আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ।
উদ্বোধনী অনুষ্ঠানে যশোর জেলা ক্রীড়া সংস্থার খো খো পরিষদের সভাপতি খায়রুল কবির চঞ্চালের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ খো খো ফেডারেশনের সভাপতি শাহ কামাল, সাধারণ সম্পাদক ফজলুর রহমান বাবুল, টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক আব্দুল মুক্তাদির বেলাল, নীডস ইঞ্জিনিয়ার্সের সত্ত্বাধিকারী মোস্তফা কামাল, যশোর জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা ইয়াকুব কবির। ক্রীড়া সংগঠক নিবাস হালদারের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন খো খো পরিষদের সম্পাদক সোহেল আল মামুন নিশাদ।
পরে বিএএফ শাহীন স্কুল, যশোর শিল্পকলা ও নৃত্যবিতানের শিল্পী মনোজ্ঞ ডিসপ্লে প্রদর্শন করেন।
বাংলাদেশ খো খো ফেডারেশন ও যশোর জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় অনুষ্ঠিত প্রতিযোগিতায় সার্ভিসেস টিম আনসার ও ভিডিপিসহ ২২ টি দল অংশ গ্রহণ করছে। এর মধ্যে পুরুষ বিভাগে ১৩ ও নারী বিভাগে খেলবে ৯টি দল।
