নিজস্ব প্রতিবেদক
জাতীয় নারী হ্যান্ডবল প্রতিযোগিতা মানেই বাংলাদেশ আনসারের আধিপত্য। ৩৪তম আসরেও তার ব্যতিক্রম হয়নি। অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে দেশের অভ্যন্তরীণ শান্তি রক্ষায় নিয়োজিত দলটি। সোমবার শামস্-উল-হুদা স্টেডিয়ামে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে ৩০-১৯ গোলে হারিয়েছে পঞ্চগড় জেলাকে।
১৯৮৪ সালে এই প্রতিযোগিতা শুরুর পর থেকে প্রতিযোগিতার ৩৪ বারের মধ্যে ২২ বারই চ্যাম্পিয়ন বাংলাদেশ আনসার। এবার নিয়ে জিতল টানা ৬ষ্ঠ বার।
যদিও আনসারের মতো একটি সুশৃঙ্খল ও নিয়মিত অনুশীলন করা দলের সঙ্গে পাত্তা পাওয়ার কথা ছিল না পঞ্চগড়ের স্কুল পড়–য়া মেয়েদের নিয়ে গড়া দলটির। কিন্তু তারপরও দারুণ লড়াই করেছেন তারা।
ম্যাচের প্রথম মিনিটেই তারা গোল করে লিড নেয়। যদিও পরে ছন্দপতন ঘটে। প্রথমার্ধ তারা শেষ করেন ১৮-১১ গোলে পিছিয়ে থেকে।
বিরতির পর আবারও শুরুতে গোল করেন তারা। পাশাপাশি আনসার দলের বিপক্ষে দ্রুত পাঁচটি গোল করে ব্যবধান ১৯-১৫ করে ফেলে। শিষ্যদের অবস্থা বেগতিক দেখে আনসারের কোচ নাসিরউল্লাহ ভুলু কুলিং ব্রেক নেন। এই ব্রেকের পরই আবার ছন্দপতন ঘটে পঞ্চগড়ের। শেষ পর্যন্ত ৩০-১৯ গোলের ব্যবধানে পঞ্চগড়কে হারিয়ে টানা ষষ্ঠবারের মতো জাতীয় নারী হ্যান্ডবলের শিরোপা শোকেসে তোলে আনসার। আর টানা দ্বিতীয়বারের মতো রানার্স-আপ হয় পঞ্চগড়।
ম্যাচ শেষে পঞ্চগড়ের কোচ জানিয়েছেন, তারা পর্যাপ্ত সুযোগ-সুবিধা পেলে এবং এই মেয়েগুলোকে পরিচর্যা করতে পারলে আগামী বছর নারী হ্যান্ডবলে চ্যাম্পিয়ন হতে পারবে তারা। তিনি আনসারের মতো দলের বিপক্ষে মেয়েদের পারফরম্যান্সে বেশ খুশি।
এদিকে আনসারের কোচও প্রশংসা করেছেন পঞ্চগড়ের মেয়েদের। ম্যাচ শেষে তিনি বলেছেন, ‘আমরা শিরোপা জিতবো সেটার শতভাগ আত্মবিশ্বাস ছিল আমার। কিন্তু পঞ্চগড় এতো ভালো খেলবে সেটা ভাবিনি। তারুণ্য নির্ভর দল নিয়ে সত্যিই তারা দারুণ খেলেছে আজ (গতকাল)।’
অবশ্য লড়াইটা আরও হাড্ডাহাড্ডি হতে পারতো যদি পঞ্চগড়ের অভিজ্ঞ খেলোয়াড় ও অধিনায়ক রূপা হাবিবা খেলতে পারতেন। ইনজুরির কারণে তিনি খেলতে পারেননি ফাইনালে।
প্রতিযোগিতার তৃতীয় হয়েছে বাংলাদেশ পুলিশ। তারা ২০-০৫ গোলে মাদারীপুর জেলা ক্রীড়া সংস্থাকে পরাজিত করে তৃতীয় স্থান অর্জন করে। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হন বাংলাদেশ আনসারের আলপনা আক্তার।
চ্যাম্পিয়ন আনসার, রানার্স-আপ পঞ্চগড় ও তৃতীয় হওয়া বাংলাদেশ পুলিশ দলকে ট্রফি ও মেডেল দেওয়া হয়। ফাইনাল শেষে প্রধান অতিথি পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য (এমপি) পুরস্কার বিতরণ করেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কোহিনুর। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যশোর জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রফিকুল হাসান।
এ সময় আরও উপস্থিত ছিলেন যশোর জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ইয়াকুব কবির, হ্যান্ডবল পরিষদের সভাপতি জাহিদ হাসান টুকুনসহ ফেডারেশনের অন্যান্য কর্মকর্তাগণ।
