নিজস্ব প্রতিবেদক
জাতীয় সংগীত পরিবর্তনের ষড়যন্ত্রের বিরুদ্ধে রাস্তায় নেমে জাতীয় সংগীত, জাতীয় পতাকা উত্তোলন ও প্রতিবাদী গান গেয়ে ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদ জানান উদীচী শিল্পীগোষ্ঠীর শিল্পীরা। শুক্রবার (৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় যশোর শহরের ঈদগাহমোড়ে আইনজীবী ভবনের সামনে ‘জাতীয় সংগীত নিয়ে ষড়যন্ত্র রুখে দাঁড়াও পথে নামো, কণ্ঠে ধরো— আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি’ ব্যানারে দাঁড়িয়ে তারা গান গেয়ে এ প্রতিবাদ জানান। অংশ নেয় বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন। এছাড়া ব্যক্তিগতভাবেও কর্মসূচিতে কেউ কেউ অংশ নেন।
গত মঙ্গলবার এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে জাতীয় সংগীতকে ‘স্বাধীনতার অস্তিত্বের পরিপন্থি’ উল্লেখ করে তা পরিবর্তনের দাবি জানান জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আযমের ছেলে আব্দুল্লাহিল আমান আযমী। এর প্রতিবাদে সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল প্রতিবাদ জানান অনেকে। এরই পরিপ্রেক্ষিতে সম্মিলিত কণ্ঠে এই জাতীয় সংগীত গাওয়ার কর্মসূচি ঘোষণা করে উদীচী।
কর্মসূচিতে সূচনা বক্তব্য রাখেন উদীচী যশোর জেলা শাখার সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান খান বিপ্লব। বক্তব্য রাখেন সংগঠনের সহ সভাপতি আমিনুর রহমান হিরু। কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক অ্যাড. মাহামুদ হাসান বুলু, সাংস্কৃতিক ব্যক্তিত্ব মাহবুবুর রহমান মজনু, অধ্যাপক সোলজার রহমান, উদীচীর সহ-সাধারণ সম্পাদক আসিফ নিপ্পন, আলমগীর কবীর প্রমুখ।
পরে উদীচী যশোর জেলা ও উপজেলা শাখা পর্যায়ের শিল্পী-কর্মীসহ সাধারণ মানুষ একসঙ্গে গেয়ে ওঠেন প্রাণের জাতীয় সঙ্গীত। এ সময় সাধারণ মানুষও শিল্পীদের সঙ্গে জাতীয় সংগীতে কণ্ঠ মেলান। জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকাও উত্তোলন করা হয়। শিল্পীরা সম্মিলিত কণ্ঠে একে একে গেয়ে শোনান মুক্তিযুদ্ধে প্রেরণা যোগানো দেশাত্ববোধক গান মাগো ভাবনা কেন..। পূর্ব দিগন্তে সূর্য উঠেছে..। তীর হারা এই ঢেউয়ের সাগর পাড়ি দেব রে.. গানগুলো।
সমাবেশে বক্তারা বলেন, স্বাধীনতাকে নস্যাৎ করতে চাওয়া যেকোনো ষড়যন্ত্রের প্রতিবাদ করবে উদীচী। যারা জাতীয় পতাকা, সংগীত নিয়ে ষড়যন্ত্র করে, তাদের আমরা ঘৃণার চোখে দেখব বলে উল্লেখ করেন তারা।
