নিজস্ব প্রতিবেদক: ৪০ তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপের যশোর ভেন্যুর তৃতীয় ম্যাচে স্পিনারদের বোলিং দাপটে টানা দ্বিতীয় জয় পেয়েছে সিলেট। মঙ্গলবার শামস্-উল-হুদা স্টেডিয়ামে তারা ৪ উইকেটে টাঙ্গাইল জেলাকে পরাজিত করে।
টাঙ্গাইলের করা ১২৯ রানের লক্ষ্য ৬৯ বল ও ৪ উইকেট হাতে রেখেই পেরিয়ে যায় সিলেট জেলা।
সকালে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় টাঙ্গাইলের অধিনায়ক ইমন। ব্যাট হাতে দারুণ শুরু এনে দেন দুই ওপেনার রানা ও রিজওয়ান। ওভার প্রতি ৫ গড়ে রান তুলতে থাকে। ১৩তম ওভারে বল হাতে তুলে নেয় সিলেটের ডানহাতি অফ স্পিনার আহমেদ শেখ তাজিন। প্রথম ওভারেই দারুণ খেলতে থাকা রানাকে সাজঘরে ফেরত পাঠিয়ে ভাঙ্গে ৬৪ রানের ওপেনিং জুটি। রানা ৪০ বলে ৭চার ও এক ছয়ে ৪৩ রান করেন। পরে বাঁহাতি স্পিনার আবু বক্কর ও দলীয় অধিনায়ক মাহবুব হাসান উইকেট শিকারে যোগ দিলে বেশি দূর এগোতে পারেনি টাঙ্গাইল। শেষ পর্যন্ত ৩৪ ওভার ৫ বলে ১২৯ রানে গুটিয়ে যায় টাঙ্গাইলের দলীয ইনিংস। টাঙ্গাইলের ব্যাট হাতে রিজওয়ান ৪৯ বলে ৩ চারে দ্বিতীয় সর্বোচ্চ ২০ এবং ইমন ও মুন ১৭ রান করে সংগ্রহ করেন। সিলেটের তাজিন ৮ ওভার ৫ বলে ২৩ রানে ৪টি, আবু বক্কার ২২ রানে ৩টি, মাহবুব হাসান ১৩ রানে ২টি ও কামরুল ইসলাম ১টি উইকেট দখল করেন।
১৩০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৩১ রানেই ৪ উইকেট হারিয়ে ফেলে সিলেট। তবে পঞ্চম উইকেটে কামরুল ইসলাম ও আব্দুল্লাহ আল গালিব ৬৭ রানের জুটি গড়ে দলকে জয়ের কাছাকাটি নিয়ে যায়। এই দুজনের কেউ জয় নিশ্চিত করতে পারেনি। সেই সাথে গালিব ব্যক্তিগত অর্ধশতক মিস করেছেন। আউট হওয়ার আগে গালিব খেলেন ৫২ বলে ৫চার ও এক ছয়ে ৪৬ রানের ইনিংস। জয় থেকে তিন রান দূরে থাকতে ৭৫ বলে দুই চারে ৩২ রান করে আউট হয় কামরুল ইসলাম। বল হাতে দারুন খেলা তাজিনের অপরাজিত ১২ ও সাইদুর রহমানের ৪ রানে ৩৮ ওভার ৩ বলে ১৩৩ রান করে জয় নিশ্চিত করে সিলেট।
বল হাতে টাঙ্গাইলের ইমতিয়াজ ১০ ওভার বল করে ৩টি মেডেনসহ ২০ রানে তিনটি ও দিপু ২৩ রানে দুটি উইকেট দখল করেন।