ঢাকা অফিস
নয়াপল্টনে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় পল্টন থানায় করা নাশকতার মামলায় কারাবন্দি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের পক্ষে আদালতে জামিননামা জমা দেওয়া হয়েছে।
সোমবার (৯ জানুয়ারি) দুপুরে জামিননামা আদালতে জমা দেওয়ার কথা প্রতিদিনের বাংলাদেশকে নিশ্চিত করেছেন তাদের আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ।
তিনি বলেন, ‘আমরা উচ্চ আদালতের জামিন বহাল রাখার বিষয়ে আদেশের অনুলিপি পেয়েছি। তাদের পক্ষে আদালতে জামিননামা দাখিল করেছি। আশা করছি আজই তারা কারামুক্ত হবেন।’
গতকাল রবিবার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে হাইকোর্টের দেওয়া জামিন বহাল রাখেন আপিল বিভাগ। ফলে তাদের মুক্তি পেতে আর কোনো বাধা থাকে না।
গত ৭ ডিসেম্বর বিকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ হয়। এতে একজন গুলিবিদ্ধ হয়ে নিহত হন। আহত হন অনেকে। সংঘর্ষের ঘটনায় ৪৭৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় দেড় থেকে দুই হাজার বিএনপি নেতাকর্মীকে আসামি করে রাজধানীর পল্টন মডেল থানায় পুলিশ মামলাটি করে।
