কল্যাণ ডেস্ক
চলমান যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে ইউনিয়ন ও মহানগরের পর এবার দেশের জেলা শহরে পদযাত্রা করবে বিএনপি। আগামী ২৫ ফেব্রুয়ারি দেশের সব জেলায় এই কর্মসূচি পালিত হবে।
আজ শনিবার সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে বিএনপির ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স এ কর্মসূচির কথা জানান। সরকারের পদত্যাগ, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনসহ ১০ দফা দাবিতে পদযাত্রার এ কর্মসূচি পালিত হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
প্রিন্স জানান, চলমান গণ-আন্দোলনের পরবর্তী কর্মসূচি হিসেবে বিদ্যুৎ, গ্যাস এবং চাল, ডাল, তেল, চিনিসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি ও দমন-নিপীড়নের প্রতিবাদে এবং বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াসহ কারাবন্দি নেতাকর্মীদের মুক্তি ও সরকারের পদত্যাগ, অবৈধ সংসদ বাতিল, নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনসহ গণতন্ত্র পুনরুদ্ধারে ১০ দফা দাবিতে আগামী ২৫ ফেব্রুয়ারি দেশব্যাপী সকল জেলায় পদযাত্রা কর্মসূচি পালন করা হবে।
এর আগে গত ১১ ফেব্রুয়ারি সারাদেশে ইউনিয়ন পর্যায়ে পদযাত্রা কর্মসূচি পালিত হয়।
