মুদ্রা পাচারের এক মামলার তদন্তে থাকা সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে একের পর এক ছবি ইন্টারনেটে প্রকাশ দেখে হতাশা প্রকাশ করেছেন বলিউড তারকা জ্যাকুলিন ফার্নান্দেজ।
এটা তার ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘন করছে জানিয়ে তা থেকে বিরত থাকার জন্য সবার প্রতি অনুরোধ জানিয়েছেন তিনি।
‘জালিয়াতি’ করে সম্পদশালী হয়ে আলোচিত সুকেশ চন্দ্রশেখর এখন ২০০ কোটি রুপি পাচারের মামলায় কারাগারে রয়েছেন।
তার সঙ্গে সম্পর্ক থাকার অভিযোগ পেয়ে ইতোমধ্যে জ্যাকুলিনকে জিজ্ঞাসাবাদ করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।
এরমধ্যেই সুকেশের সঙ্গে জ্যাকুলিনের ঘনিষ্ঠ মুহূর্তের কয়েকটি ছবি ইন্টারনেটে আসে, যা বিভিন্ন গণমাধ্যমেরও খবর হয়।
সেই ছবি সোশাল মিডিয়ায় ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার পর শনিবার জ্যাকুলিন ইনস্টাগ্রামে নিজের প্রতিক্রিয়া জানান বলে ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে।
জ্যাকুলিন তার ভক্ত এবং সাংবাদিকদের অনুরোধ করেছেন ছবিগুলো প্রচার থেকে বিরত থাকতে।
আমি আমার মিডিয়া বন্ধুদের অনুরোধ করব, এমন প্রকৃতির ছবি প্রচার না করার জন্য, যা আমার গোপনীয়তা এবং ব্যক্তিগত বিষয়ে হস্তক্ষেপ করে। আপনি আপনার নিজের প্রিয়জনের সাথে এটি করবেন না, আমি নিশ্চিত যে আপনি আমার সাথেও এটি করবেন না।
শ্রীলঙ্কা থেকে এসে বলিউডে আসন করে নেওয়া জ্যাকুলিন বলেছেন, তিনি কঠিন একটি সময় পার করছেন। তবে আশা করছেন ‘ন্যায় ও সুবুদ্ধির জয়’ হবে।
এই মাসেই জ্যাকুলিনের সিনেমা ‘অ্যাটাক’ মুক্তি পাওয়ার কথা রয়েছে, যেখানে তার সঙ্গে অভিনয় করেছেন জন আব্রাহাম ও রাকুল প্রীত সিং।