শাহিনুর রহমান, ঝাঁপা :
যশোরের মণিরামপুর উপজেলায় মোটর মেরামতকালে বিদ্যুৎস্পৃষ্টে ঘের মালিকের মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার পাঁচপোতা গ্রামে ঘটনাটি ঘটে।
স্থানীয়রা জানান, উপজেলার হরিহরনগর ইউনিয়নের পাঁচপোতা গ্রামের আব্দুর রহমান মোড়লের ছেলে ঘের ব্যবসায়ী আবুল কালাম আজাদের বাড়ি সংলগ্ন কপোতাক্ষ নদীর পাড়ে মাছের ঘেরের বিদ্যুৎচালিত মটর নষ্ট হয়ে যায়। শুক্রবার বিকেল সাড়ে পাঁচটার দিকে আবুল কালাম আজাদ ওই মটর ঠিক করার জন্য ঘেরের পানিতে নামেন। মটরের লাইন ঠিক করাকালে বিদ্যুৎপৃষ্টে আজাদ পানিতেই মারা যান। বিষয়টি পাশের লোকজন জানতে পেরে- পানি থেকে আজাদের মরদেহ পানির উপরে নিয়ে আসে। এ মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে শতশত নারী-পুরুষ ভীড় জমান।
পাশের ঘের মালিক শাহজাহান কবির জানান, আবুল কালাম আজাদের বিভিন্ন স্থানে মাছের ঘেরের ব্যবসা রয়েছে। শুক্রবার মটর মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মারা যান।
এ বিষয়ে মণিরামপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর রাজগঞ্জ শাখা অফিসের এজিএম শাহাজান কবির বলেন, বিষয়টি আমার জানা নেই।
