বাগআঁচড়া (যশোর) প্রতিনিধি: ঝিকরগাছা উপজেলার বড়খলসী বাজারে আওয়ামী লীগ অফিসে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এসময় বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি সম্বলিত বিলবোর্ডসহ চেয়ার টেবিল ভাঙচুর করেছে তারা।
শুক্রবার দিবাগত রাতে উপজেলার বাঁকড়া ইউনিয়নের ৩নং ওয়ার্ড বড়খলসী বাজারে এ ঘটনাটি ঘটে।
ওই বাজারের পাশের ঘের পাহারাদার প্রতাক্ষদর্শী জিন্নাত জানান, রাতে হঠ্যৎ ভাঙচুরের আওয়াজ পাই। সকালে শুনি আওয়ামী লীগ অফিস ভাঙচুর করা হয়েছে। তবে কে বা কারা ভাঙচুর করেছে এটা আমি দেখিনি।
বাজরের নাইটগার্ড রুহুল আমিন জানান, আমি প্রতিদিনের মতো বাজার পাহারায় ছিলাম। রাত ১২ টা পর্যন্ত পুলিশও ছিল। কখন কারা এ অফিসে হামলা চালিয়ে ভাঙচুর করেছে সেটা আমি বুঝতে পারিনি।
ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেম্বর শরিফুল ইসলাম অভিযোগ করেন, নির্বাচনে জয়ী হয়ে বর্তমান মেম্বর ইসরাইলের কর্মী সমর্থকরা বেপরোয়া হয়ে উঠেছে। ইসরাইলের কর্মী সমর্থকরা পিকনিক করেছিলো। পিকনিক শেষে আমাদের ওয়ার্ড আওয়ামী লীগের অফিসে হামলা চালিয়ে জননেত্রী শেখ হাসিনা ও বঙ্গবন্ধু এবং বর্তমান এমপির ছবি ভাঙচুর করেছে। ৩ নং ওয়ার্ড খলশির বর্তমান মেম্বার ইসরাইল জানান, আমার কর্মী সমর্থকরা কাল রাতে পিকনিক করেছিলো এটা সত্য। তবে তারা আওয়ামী লীগের অফিস ভাঙচুরের মত এমন ন্যাক্কারজনক কাজ করেনি। নির্বাচনে পরাজিত হয়ে আমার এবং আমার কর্মী সমর্থকদের ওপর মিথ্যা দোষারোপ করছে প্রতিপক্ষ।
বাঁকড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাস্টার আনিসুর রহমান জানান, ঘটনাটি আমি শুনেছি। আওয়ামী লীগ অফিসে হামলা চালিয়ে বঙ্গবন্ধু সম্বলিত ছবি ভাঙচুরের ঘটনা ন্যাক্কারজনক।
বাঁকড়ায় পুলিশ তদন্ত কেন্দ্রের এস আই সাইদউজ্জামান জানান, অভিযোগ এখনো পাইনি।