নিজস্ব প্রতিবেদক: পরীক্ষা কেন্দ্রের ২০০ গজের মধ্যে মোবাইল ফোন নিয়ে প্রবেশ নিষেধ। তবুও অনেকেই মোবাইল ফোন নিয়ে প্রবেশ করেন। তল্লাশি করে মোবাইল ফোন উদ্ধার করে পরীক্ষকের টেবিলে রাখা হয়। পরীক্ষা শেষে মোবাইল ফোন নিয়ে যান শিক্ষার্থীরা। তবে একজন ছাত্র তার মোবাইল ফোন নিতে গিয়ে পাননি। তার অভিযোগ ফোনটি চুরি হয়েছে। শনিবার অনার্স তৃতীয় বর্ষের সমাজবিজ্ঞান বিভাগের পরীক্ষায় যশোরের ঝিকরগাছা মহিলা কলেজ কেন্দ্রে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী পরীক্ষার্থী জাহিদুর রহমান জানান, তিনি নাভারণ কলেজে সমাজবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। শনিবার দুপুর একটা থেকে ঝিকরগাছা মহিলা কলেজে সমাজবিজ্ঞান বিষয়ে পরীক্ষা ছিল। পরীক্ষার হলে প্রবেশ করার পর কক্ষ পরিদর্শক সকলের মোবাইল জমা রাখেন। কিন্তু পরীক্ষা শেষে ওই শিক্ষক তার স্যামসাং এ—৩০ সিরিজের মোবাইল ফেরৎ দেননি। পরীক্ষা শেষে মোবাইল ফেরৎ চাইলে তিনি বলেন তার মোবাইল কে নিয়ে চলে গেছে তিনি জানেন না। তার মোবাইল ফেরত না পেলে আইনগত ব্যবস্থা নেবেন বলে তিনি জানান।
এ বিষয়ে কক্ষ পরিদর্শক রকি মাহমুদ জানান, পরীক্ষার হলে মোবাইল নিয়ে আসার নিয়ম নেই। কিছু পরীক্ষার্থী মোবাইল নিয়ে পরীক্ষার হলে ঢুকেছিল। পরে পরীক্ষা নিয়ন্ত্রণ কমিটির নির্দেশনায় সেই মোবাইল জমা নিয়ে টেবিলের উপরে রেখে দিয়েছিল। পরীক্ষার্থীরা যে যার মত পরীক্ষা শেষ করে তাদের মোবাইল নিয়ে গেছে। কেউ তার মোবাইল না পেলে তার দায়ভার নিতে পারবোনা।
এ বিষয়ে ঝিকরগাছা মহিলা কলেজের উপাধ্যক্ষ ইলিয়াস উদ্দীন বলেন, পরীক্ষা দিতে আসা একটি ছেলের মোবাইল হারানোর ঘটনা আমি পরে জেনেছি৷ সংশ্লিষ্ট কক্ষ পরিদর্শককে জিজ্ঞাসা করলে বলেছে মোবাইল কে নিয়েছে তিনি জানেন না। হয়তো ওই ছেলের কোন বন্ধুও নিতে পারে। উপাধ্যক্ষ জানান, এবিষয়ে পরীক্ষা নিয়ন্ত্রণ কমিটি বিস্তারিত বলতে পারবে।
পরীক্ষা নিয়ন্ত্রণ কমিটির সদস্য নুরুল হুদা মিন্টু জানান, পরীক্ষার হলের ২০০গজের মধ্যে মোবাইল আনার নিয়ম নেই। তবে একটি পরীক্ষার হলে দেখা যায় ৪০জন পরীক্ষার্থীর মধ্যে ৩৬জন মোবাইল এনেছে। এজন্য তাদের বহিস্কার না করে কক্ষ পরিদর্শক তার টেবিলে মোবাইল জমা রাখতে বলেন। পরবর্তীতে সেখান থেকে একটি মোবাইল খোয়া যায়।