নিজস্ব প্রতিবেদক
যশোর জেলা ট্রাক, ট্রাক্টর, কাভার্ডভ্যান (দাহ্য পদার্থ ব্যতিত), ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের নির্বাচন একদিন আগে স্থগিত করেছেন আদালত। শুক্রবার নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। সব প্রস্তুতিও সম্পন্ন হয়েছিল। আগেরদিন বৃহস্পতিবার যশোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৪র্থ আদালতের বিচারক এস এম আশিকুর রহমান নির্বাচন স্থগিতের এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন সংগঠনের সাধারণ সম্পাদক নাজিম হোসেন বাহাদুর।
যশোর জেলা ট্রাক, ট্রাক্টর, কাভার্ডভ্যান, ট্যাংকলরী শ্রমিক ইউনিয়ন সূত্র জানায়, নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন এমন সময় সমিতির সদস্য লুৎফর রহমান ছোটকে প্রধান করে আরও আটজন সদস্য বাদী হয়ে চেয়ারম্যান মামুনুর রশিদ বাচ্চুসহ নির্বাচন পরিচালনা কমিটি ও বর্তমান নির্বাহী কমিটির সদস্যদের বিবাদী করে সিনিয়র সহকারী জজ (সদর) আদালতে মামলা করেন। নির্বাচন স্থগিতের আবেদন জানানো হয়। বুধবার বিচারক সুধাংশু শেখর রায় তাদের আবেদন খারিজ করেন। বৃহস্পতিবার তারা ওই রায়ের বিরুদ্ধে অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৪র্থ আদালতে আপিল করেন। আদালতে দুই পক্ষের উপস্থিতিতে বিকেল ৩টায় শুনানি অনুষ্ঠিত হয়। শেষ পর্যন্ত বিচারক নির্বাচন স্থগিত ঘোষণা করেন।
এ বিষয়ে বাদী পক্ষের আইনজীবী নজরুল ইসলাম বলেন, বাদী পক্ষের অভিযোগ ছিল গঠনতন্ত্র না মেনে নির্বাচন কমিশন গঠন করে বিবাদীপক্ষ নির্বাচনী কার্যক্রম পরিচালনা করছে। এছাড়া অভিযোগে আরও বলা হয়েছে, বর্তমান কমিটি ভোটার তৈরিতে অনিয়ম, টাকা আত্মসাৎ, মৃতভাতা প্রদানে অনিয়মসহ নানা অভিযোগ রয়েছে। আদালত অভিযোগ আমলে নিয়ে মোকদ্দমা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নির্বাচনী কার্যক্রম স্থগিতের আদেশ দিয়েছেন।
উল্লেখ্য, শুক্রবার যশোরের বাদশা ফয়সাল ইসলামী ইন্সটিটিউশনে নির্বাচনের দিন ছিল। ৫ হাজার ৪শ’ ৩ জন ভোটারের মধ্যে ২৯ জন ১৭ পদে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন।
