কল্যাণ ডেস্ক: প্রধানমন্ত্রী, মন্ত্রী ও রাজনৈতিক নেতাদের অবমাননায় ডিজিটাল নিরাপত্তা আইনে দু’বছরে দু’শর বেশি মামলা হয়েছে। এসব মামলার বাদীদের বড় অংশই ক্ষমতাসীন দলের রাজনীতির সঙ্গে যুক্ত। সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজের (সিজিএস) এক গবেষণা প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।
গবেষণা প্রতিষ্ঠান সিজিএসের প্রতিবেদনে বলা হয়, জানুয়ারি ২০২০ থেকে ফেব্রুয়ারি ২০২২ পর্যন্ত ২৬ মাসে ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের হওয়া ৮৯০টি মামলার বিস্তারিত তথ্য সংগ্রহ করেছে তারা। ওই তথ্যের ভিত্তিতে করা গবেষণা প্রতিবেদনের তারা এসব তথ্য পেয়েছে।
গবেষণা প্রতিবেদনটি প্রকাশ উপলক্ষে শনিবার এক ওয়েবিনারের আয়োজন করে সিজিএস। ‘অন্তহীন দুঃস্বপ্ন-বাংলাদেশের ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট ২০১৮’ নামের গবেষণায় নেতৃত্ব দিয়েছেন যুক্তরাষ্ট্রের ইলিনয় স্টেট ইউনিভার্সিটির ডিস্টিঙ্গুইশড প্রফেসর এবং সিজিএসের উপদেষ্টা আলী রীয়াজ।
একই সময়ে মন্ত্রীদের অবমাননার অভিযোগে মামলা হয়েছে ৫১টি। এর মধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ৩টি মামলা করেছে। মন্ত্রী ও পরিবারের সদস্যরা করেছেন ৪টি, বাকি ৪৪টি মামলা করেছেন অন্যরা। রাজনৈতিক নেতাদের অবমাননার অভিযোগে মামলা হয়েছে ৭৫টি। সংক্ষুব্ধ রাজনীতিবিদেরা মামলা করেছেন ৪০টি।
ওয়েবিনারে বক্তারা জানান, অভিযোগকারীদের মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগের ৬৬ জন, যুবলীগের ২৮ জন, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ১৩ জন, ছাত্রলীগের ৬০ জন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ২ জন, অন্যান্য ৩৭ জন। এই তালিকায় ৫ জন সাংসদ, ৬ জন সিটি মেয়র, ১ জন পৌরসভার প্যানেল মেয়র, ১১ জন ওয়ার্ড কাউন্সিলর, ৮ জন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, ৪ জন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও ২ জন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যানও রয়েছেন।
সাংবাদিক, শিক্ষক, এনজিও ও অধিকারকর্মী, রাজনীতিবিদ, ছাত্র, সরকারি ও বেসরকারি কর্মচারী, ব্যবসায়ী, আইনজীবী, ধর্মীয় নেতাসহ অন্য পেশাজীবীদের বিরুদ্ধে মামলা হলেও সবচেয়ে বেশি মামলা হয়েছে রাজনীতিবিদ ও সাংবাদিকদের বিরুদ্ধে। গবেষণার তথ্য বলছে, এই সময়ে ২৫৪ জন রাজনীতিবিদ ও ২০৭ জন সাংবাদিক এই মামলায় আসামি হয়েছেন।