নিজস্ব প্রতিবেদক
যশোরে সেভেন এ সাইড ডে নাইট ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে স্বাগতিক যশোর সোনালী অতীত ক্লাব লাল। শনিবার রাতে শামস্-উল-হুদা স্টেডিয়ামে তারা টাইব্রেকারে ২-১ গোলে খুলনার বয়রা সোনালী অতীত ক্লাবকে পরাজিত করে। নির্ধারিত সময় গোলশুন্যভাবে শেষ হয়।
যশোর সোনালী অতীত ক্লাব লালের পক্ষে ছোট জামাল ও খোকা বাবু ১টি করে গোল করেন। খুলনা বয়রা সোনালী অতীত ক্লাবের একমাত্র গোল করেন হেমায়েত। ম্যাচে যৌথভাবে সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন গোল রক্ষক মিতুল ও ছোট জামাল।
ম্যাচ শেষে প্রধান অতিথি অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল ইমরান খেলোয়াড়দের হাতে ট্রফি তুলে দেন। বিশেষ অতিথি ছিলেন প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন। সোনালী অতীত ক্লাবের সভাপতি এবিএম আখতারুজ্জামানের সভাপতিত্বে বিভিন্ন ক্রীড়া ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
তাহসিন ট্রেডার্সের পৃষ্ঠপোষকতায় সোনালী অতীত ক্লাব যশোরের আয়োজনে এ প্রতিযোগিতায় যশোরের দুটিসহ আটটি দল অংশ নেয়।
