ঢাকা অফিস
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য তাঁকে অতি দ্রুত লন্ডনে নেওয়ার সিদ্ধান্ত প্রায় চূড়ান্ত। তাকে সঙ্গে নিতে যুক্তরাজ্য থেকে ঢাকামুখী হয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ও চিকিৎসক ডা. জোবাইদা রহমান। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকালে লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে ফ্লাইটে ওঠার দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমেও ছড়িয়ে পড়ে।
দলীয় সূত্র জানায়, শুক্রবার (৫ ডিসেম্বর) সকাল ৯টা থেকে সাড়ে ৯টার মধ্যে ঢাকায় পৌঁছবেন জোবাইদা রহমান। অবতরণের পর তিনি সরাসরি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যাবেন, যেখানে সিসিইউতে চিকিৎসাধীন রয়েছেন বেগম খালেদা জিয়া। সেখান থেকে প্রয়োজনীয় মেডিকেল প্রস্তুতি সম্পন্ন করে একই দিন দুপুরেই লন্ডনের পথে যাত্রা করার কথা রয়েছে।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, হিথ্রো বিমানবন্দরে জোবাইদাকে বিদায় জানান তারেক রহমান ও তাঁদের মেয়ে জাইমা রহমান।
তিনি বলেন, “সব কিছু ঠিক থাকলে সকাল ৯টা থেকে সাড়ে ৯টার মধ্যে তিনি ঢাকায় পৌঁছবেন। হাসপাতালে খালেদা জিয়ার অবস্থা পর্যালোচনার পর তাঁকে নিয়ে যাত্রীরা বিমানবন্দরের উদ্দেশে রওনা দেবেন এবং সেখান থেকেই লন্ডনের পথে উড়াল দেবেন।”
এদিকে আরও একটি নাটকীয় উন্নয়নের খবর মিলেছে। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার লন্ডনে উন্নত চিকিৎসার জন্য কাতারের আমির নিজ উদ্যোগে একটি বিশেষায়িত এয়ার অ্যাম্বুলেন্স পাঠাচ্ছেন। রাতের মধ্যেই এ অ্যাম্বুলেন্স ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে বলে জানিয়েছে কূটনৈতিক একটি নির্ভরযোগ্য সূত্র।
রাজনৈতিক অঙ্গনে এই সমগ্র প্রক্রিয়াকে ঘিরে তীব্র আলোচনা চলছে। দীর্ঘদিন ধরে শারীরিকভাবে সংকটাপন্ন থাকা দেশের সাবেক এই প্রধানমন্ত্রীর বিদেশ যাত্রা ঘিরে বিএনপি নেতাকর্মীদের মধ্যে এক ধরনের উদ্বেগ–উৎকণ্ঠা ও একই সঙ্গে স্বস্তির ছায়া দেখা গেছে।
