নিজস্ব প্রতিবেদক
ঢাকায় বিএনপির সঙ্গে পুলিশের সংঘর্ষের পর যশোরে যেকোন অপ্রীতিকর ঘটনা এড়াতে সর্তক অবস্থানে রয়েছে জেলা পুলিশ। গত দুইদিন ধরে শহরের বিভিন্ন পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন ও সাঁজোয়া যান (এপিসি) নিয়ে সাইরেন বাজিয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়কে টহল দেয় পুলিশ। পুলিশের এই আকস্মিক মহড়া চলাকালীন শহরে থমথমে অবস্থা বিরাজ করে।
পুলিশ সূত্রে জানাগেছে, বিএনপির অবস্থান কর্মসূচি ঘিরে রাজধানীতে বিএনপির সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে পুলিশের বেশ কয়েকজন আহত হয়েছে। পুলিশ ও বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষের উত্তাপ ছড়িয়ে পড়ে সারাদেশে। ঢাকার ঘটনাকে কেন্দ্রে করে জেলা জেলায় যাতে কোন প্রকার সংঘর্ষ, হামলা ও অগ্নিসংযোগের ঘটনা না ঘটে সেই কারণে পুলিশ সর্তক অবস্থানে রয়েছে। সেই অবস্থা থেকে যশোরে যেকোন অপ্রীতিকর ঘটনা এড়াতে সর্তক অবস্থান নেয় জেলা পুলিশ। শনিবার ও রোববার দুপুর থেকে শহরে মোড়ে মোড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে সাঁজোয়া যান (এপিসি) নিয়ে সাইরেন বাজিয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়কে টহল দেয় পুলিশ। তবে এই টহলকে নিয়মিত পুলিশের মহড়া হিসাবে বলছেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) বেলাল হোসাইন। তিনি বলেন, ঢাকার ঘটনায় যশোরে সর্তক অবস্থানে রয়েছে পুলিশ। কোন প্রকার সংঘর্ষ ঘটার আশঙ্কার তথ্য আমাদের কাছে নেই।
