কল্যাণ ডেস্ক
২০২৪ সালে জুন মাসে ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে যশোর পর্যন্ত ট্রেন চলাচল শুরু হবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন।
তিনি বলেছেন, এ বছরের সেপ্টেম্বরে পদ্মা সেতু হয়ে ঢাকা-ভাঙ্গা ট্রেন চলাচল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। ঢাকা-যশোর রেললাইন প্রকল্পের নির্মাণ কাজ সন্তোষজনক। আশা করি, আগামী বছরের জুনের মধ্যে পদ্মা সেতু হয়ে এই রেললাইন ট্রেন চলাচলের উপযোগী হবে।
শনিবার (১০ জুন) দুপুর পৌনে ১২টার দিকে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার বগাইল এলাকায় ভাঙ্গা-যশোর রেললাইনে স্লিপার বসানোর কাজ উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।
নূরুল ইসলাম সুজন বলেন, ‘এ বছরের আগস্টের প্রথম সপ্তাহে মাওয়া থেকে ঢাকা পর্যন্ত পরীক্ষামূলক ট্রেন চলাচল শুরু হবে। ভাঙ্গা থেকে যশোর পর্যন্ত রেললাইন নির্মাণ কাজের অগ্রগতিও সন্তোষজনক। এ পথে প্রায় সব কাজ শেষ। সামান্য কিছু কাজ বাকি। আশা করি, ২০২৪ সালের জুনের মধ্যে ট্রেন চলাচল শুরু করা যাবে।’
তিনি বলেন, ‘এ পথে ট্রেন সেবা চালু হলে ঢাকা-যশোরের দুরত্ব অনেক কমে আসবে। মানুষের সময় বাঁচবে। যোগাযোগে পরিবর্তন আসবে।’
রেলমন্ত্রী বলেন, ‘ঢাকা-যশোর রুটের কাজ শেষে ভাঙ্গা থেকে পায়রাবন্দর হয়ে কুয়াকাটা পর্যন্ত রেললাইন নির্মাণ কাজ শুরু হবে।’
তিনি বলেন, ‘রেল খাতকে মৃত সংস্থায় পরিণত করা হয়েছিল। অবিভক্ত ভারতে সেভাবে আমরা পেয়েছি। পরে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় এটি আরও ক্ষতিগ্রস্থ হয়। স্বাধীনতার পর বঙ্গবন্ধু রেলসেবা বিস্তৃত করেছেন। বঙ্গবন্ধু হত্যার পর রেল খাত পেছনে যাওয়া শুরু করে। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা রেল খাতের জন্য আলাদা মন্ত্রণালয় গঠন করেন।’
এ সময় আরও উপস্থিত ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদার, পুলিশ সুপার মো. শাহজাহান, ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজিমউদ্দিন, ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়ারুল ইসলাম, ভাঙ্গা উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আকরামুজ্জামান, সাংগঠনিক সম্পাদক সোবহান মুন্সী প্রমুখ।
