নিজস্ব প্রতিবেদক: এবার ৫১ বিনিয়োগকারীর দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগে তামান্না লিমিটেডের এমডিসহ ৮জনের বিরুদ্ধে যশোর আদালতে মামলা হয়েছে। গতকাল ২২ জুন সদর উপজেলার বালিয়া ভেকুটিয়া গ্রামের আব্দুল লতিফ প্রামানিক এই মামলা করেছেন। বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. মঞ্জুরুল ইসলাম মামলাটি তদন্ত পূর্বক প্রতিবেদক দাখিলের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) নির্দেশ দিয়েছেন। এর আগে গত ২০ জুন ৩৭ বিনিয়োগকারীর প্রায় কোটি টাকা আত্মসাতের অভিযোগে একই আদালতে তিনটি মামলা হয়।
আসামিরা হলেন, তামান্না লিমিটেডের এমডি এম ইকবাল, কর্মকর্তা এম শাহাজাহান আলী, সাইদুর রহমান, এম আতাউর রহমান, এম হারুন-অর-রশীদ, এম নুরুল্যা হেলাল, যশোর শাখার ম্যানেজার শেখ ফরহাদ হোসেন ও কোষাধ্যক্ষ শামসুল ইসলাম।
মামলার বিবরণে জানা গেছে, আব্দুল লতিফ একটি বিশেষ বাহিনীতে চাকরি করতেন। আসামিরাও একই সাথে কর্মরত থাকায় তাদের সাথে পরিচয় হয়। চায়না থেকে ইলেক্ট্রনিক্সসহ বিভিন্ন পণ্য আমদানি করে সারাদেশে শো-রুম করে বিক্রি করতেন বলে বাদীকে জানায়। এরই মধ্যে তামান্না লিমিটেডের শেয়ার বিক্রির ঘোষণা দিলে একই সাথে চাকরির সুবাদে আসামিদের সাথে যশোর শাখায় আব্দুল লতিফসহ মামলার ৫০ জন সাক্ষী বিভিন্ন সময়ে ১ কোটি ৫৯ লাখ সাড়ে ৩৫ হাজার টাকা বিনিয়োগ করেন। বিনিয়োগের টাকা প্রত্যেকেই যশোর শহরের আরবপুর অফিসে জমা দিয়েছিলেন। কিন্তু পরবর্তীতে আসামিরা বিনোয়াগকারীদের কোন লভ্যাংশ দেয়নি। বিভিন্ন কলাকৌশলে আসামিরা ব্যবসাগুটিয়ে নিয়েছেন বলে বিনিয়োগকারীরা জানতে পারে। এরপর বিনিয়োগের টাকা ফেরত চাইলে না দিয়ে আজ না কাল বলে ঘোরাতে থাকে আসামিরা। আসামিরা এখন বিনিয়োগের সম্পূর্ণ টাকা অস্বীকার করায় তিনি আদালতে এই মামলা করেছেন।