ক্রীড়া ডেস্ক: ভারতীয় কন্যাদের সঙ্গে অন্য দেশীয় ক্রিকেটারদের প্রেম-বিবাহ নতুন কিছু নয়। ভিভ রিচার্ডস আর নীনা গুপ্তার প্রেমকাহিনি তো এখনো শিরোনাম হয়। এবার অজি অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েলও ভারতের জামাই হতে যাচ্ছেন। কনে বিনি রামন অবশ্য ভারতের নাগরিক নন।
তিনি ভারতীয় বংশোদ্ভূত অস্ট্রেলিয়ান নাগরিক।
ম্যাক্সওয়েল আগামী ২৭ মার্চ বিয়ে করতে চলেছেন দীর্ঘদিনের বাগদত্তাকে। তাদের বিয়ের নিমন্ত্রণপত্র ছাপা হয়েছে তামিল ভাষায়। যা ইতিমধ্যে ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে। অভিনেত্রী কস্তুরি শঙ্কর অস্ট্রেলীয় অলরাউন্ডারের বিয়ের কার্ড টুইটারে পোস্ট করে দুজনকে শুভেচ্ছা জানিয়েছেন। তামিলে নিমন্ত্রণপত্র ছাপানোরও প্রশংসা করেছেন তিনি।
ইতিমধ্যে ভারতীয় প্রথায় বাগদান অনুষ্ঠান সেরে ফেলেছেন ম্যাক্সওয়েল-বিনি। দুজনের পরিচয় হয়েছিল ২০১৭ সালে। ২০২০ সালে করোনা মহামারি শুরুর ঠিক আগেই তাদের প্রেম পর্ব শুরু হয়। বেশ কয়েকবার দুজনকে একসঙ্গেও দেখা গেছে। মেলবোর্নের মেন্টন গার্লস সেকেন্ডারি কলেজ থেকে চিকিৎসাবিজ্ঞানে স্নাতক বিনি। এখন মেলবোর্নেই চিকিৎসক হিসেবে কাজ করছেন।
এবারের আইপিএলে অস্ট্রেলীয় অলরাউন্ডারকে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে খেলতে দেখা যাবে। তাকে ১১ কোটি রুপিতে ধরে রেখেছে বেঙ্গালুরু। বিরাট কোহলি ও মোহাম্মদ সিরাজকেও ধরে রেখেছে তারা। ফলে আইপিএলের নিলামে দেখা যায়নি তার নাম। এই মুহূর্তে শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলতে ব্যস্ত ম্যাক্সওয়েল।
উল্লেখ্য, ২৭ মার্চ থেকেই শুরু হতে পারে ১৫তম আইপিএল। তেমন হলে আইপিএল শুরুর দিনেই জীবনের নতুন ইনিংস শুরু করবেন ম্যাক্সওয়েল।