নিজস্ব প্রতিবেদক: যশোর শহরের প্রাণকেন্দ্র দড়াটানার সাকো স্ন্যাক্স এন্ড ডিপার্টমেন্টাল স্টোরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে প্রতিষ্ঠানে খাদ্যপণ্য ও আসবাবসহ সব মালামাল পুড়ে গেছে। বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে আগুন লাগে।
খবর পেয়ে যশোর ফায়ার সার্ভিসের টিম আড়াই ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে পাশের সিদ্দিক বেকারিও কিছুটা ক্ষতি হয়। তবে অগ্নিকাণ্ডের সূত্রপাত ও ক্ষয়ক্ষতি এখনো জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানায়, হঠাৎ সাকো স্ন্যাক্স এন্ড ডিপার্টমেন্টাল স্টোরের ভেতর থেকে প্রচন্ড ধোঁয়া দেখতে পান। তাৎক্ষনিক তারা ৯৯৯ এ কল করে। পরে ফায়ারসার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে আসে। ওই প্রতিষ্ঠানের কর্মচারী আমিন ইসলাম জানান, তিনি প্রতিষ্ঠানের দুইতলার মেঝেতে ঘুমিয়ে ছিলেন।
এমন সময় মেঝে থেকে প্রচন্ড তাপ অনুভাব করেন। এছাড়া পোড়া গন্ধ পান। পরে জানতে পারেন নিচের তলায় আগুন লেগেছে। বাধ্য হয়ে তিনি দোতলা থেকে লাফিয়ে নিচে নামেন।
প্রতিষ্ঠানের মালিক আব্বাস উদ্দীন জানান, তিনি প্রতিষ্ঠান বন্ধ করে বাড়িতে যান। কিছু সময় পর তিনি বেকারিতে আগুন লাগর খবর পান। পরে তিনি এসে দেখেন দোকানের সব মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। একতলায় পাঁচটা ফ্রিজ, জেনারেটর, ওভেনসহ বিভিন্ন দামি পণ্য ছিলো। এছাড়া দুইতলাতেই এসিসহ বিভিন্ন পণ্য ছিলো। কিন্তু এসব পণ্যের কিছুই ভালো নেই। তিনি অনুমান করেন, ২২-২৫ লাখ টাকার ক্ষতি হয়েছে তার।
এ বিষয়ে যশোর ফায়ার সার্ভিস যশোরের সিনিয়র স্টেশন অফিসার আজিজুল হক বলেন, তারা এসে ওই প্রতিষ্ঠান থেকে ১০-১২ টা গ্যাসের সিলিন্ডার উদ্ধার করেন। এতে বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে রক্ষা পাওয়া গেছে। আগুনের সূত্রপাত ও কি পরিমাণ ক্ষতি হয়েছে তা বলা যাচ্ছে না এখনই। তবে শর্টসার্কিট থেকে এটি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে, খবর শুনে আশপাশ এলাকার লোকজন দড়াটানায় ভিড় করেন। কোতোয়ালি থানার সেকেন্ড অফিসার আ.ফ.ম মনিরুজ্জামান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। ফায়ার সার্ভিসের সাথে পুলিশ ও স্থানীয়রা অংশ নিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।