নিজস্ব প্রতিবেদক
যশোরে পূর্ব বিরোধের জের ধরে এক দম্পতিসহ তিনজনকে মারপিট এবং ঘরের মালামাল ভাংচুর, টাকা ও স্বর্ণালংকার লুটপাটের অভিযোগে থানায় মামলা হয়েছে। গত ১ এপ্রিল শহরের খড়কি বামনপাড়ায় এই ঘটনার পর ২৫ এপ্রিল ভুক্তভোগী জাািহদ হোসেন খান অনুর স্ত্রী শাহনাজ পারভীন সুমি তিনজনের নাম উল্লেখ পূর্বক অজ্ঞাতনামা আরো ২/৩জনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলাটি করেছেন।
আসামিরা হলেন, একই এলাকার মোয়াজ্জেম হোসেন খানের দুই ছেলে তৌহিদ খান ও জাকির হোসেন খান তনু এবং জাকির হোসেন খান তনুর ছেলে তন্ময়।
মামলার বিবরণ মতে, মোয়াজ্জেম হোসেন খানের ছেলেদের সাথে সুমির পূর্ব বিরোধ রয়েছে। সে কারণে সুমির পরিবারের লোকজনদের হত্যাসহ বিভিন্ন ধরণের হুমকি দিয়ে আসছিল। তারই জের ধরে গত ১ এপ্রিল বেলা ১১টার দিকে দেশিয় অস্ত্রসহ সুমির বাড়িতে প্রবেশ করে তার স্বামী জাহিদ হোসেন অনুকে মারপিট ও কুপিয়ে জখম করে। এসময় অনুর চিৎকারে সুমি এগিয়ে গেলে তাকেও মারপিটসহ শ্লীলতাহানি করে। এরপরে সুমির গলায় থাকা এক ভরি ওজনের স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়। বসতঘরের মধ্যে প্রবেশ করে ২০ হাজার টাকার আসবাবপত্র ভাংচুর ও পাশাপাশি শোকেসের ড্রয়ারে থাকা ৫৫ হাজার ৭৫০ টাকা নিয়ে নেয়। এরপরে তাদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে হত্যার হুমকি দিয়ে চলে যায়। তাদেরকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে চিকিৎসা করে কিছুটা সুস্থ হয়ে থানায় এই মামলাটি করেছেন। মামলা হলেও কোন আসামি গ্রেফতার করতে পারেনি পুলিশ।
মামলার তদন্ত কর্মকর্তা কোতোয়ালি থানার এসআই তুহিন বাওয়ালী বলেছেন, আসামি গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।
