নিজস্ব প্রতিবেদক: যশোর জেলা উন্নয়ন সমন্বয় কমিটি সভা জেলা প্রশাসনের উদ্যোগে রোববার কালেক্টরেট সভা কক্ষের অমিত্রাক্ষরে অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধানমন্ত্রীর জনসভা সফল করাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান বলেছেন, প্রধানমন্ত্রীর জনসভা সফল করতে সকলকে সম্মিলিত ভাবে কাজ করতে হবে। বিধি মোতাবেক দায়িত্ব পালন করা হচ্ছে।
ব্যর্থ হওয়ার কোন সুযোগ নেই। আর যাদের যেসব দাবি আছে সেবিষয়ে লিখিত দিলে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হবে। সম্ভব হলে প্রধানমন্ত্রীর নিকট উত্থাপন করা হবে। যেসব অফিসের গেস্ট হাউজ আছে, সেগুলো প্রস্তুত রাখতে হবে। যাতে করে সেখানে প্রধানমন্ত্রীর সফরসঙ্গীরা বিশ্রাম নিতে পারেন।
অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম বলেছেন, প্রধানমন্ত্রীর জনসভাকে কেন্দ্র করে যশোর জেলাকে নিরাপত্তার চাদরে ঢেকে রাখা হবে। নিরাপত্তার কাজে পাঁচ হাজারের বেশি পুলিশ দায়িত্ব পালন করবেন। সেই সাথে বিভিন্ন পয়েন্টে চেক পয়েন্ট বসিয়ে চেকিং করা হচ্ছে। রাস্তায় যাতে কোন প্রতিবন্ধকতা সৃষ্টি না হয় সেদিকে খেয়াল রাখা হচ্ছে।
পৌরমেয়র মুক্তিযোদ্ধা হায়দার গনী খান পলাশ বলেছেন, পৌরএলাকা পরিচ্ছন্ন করা হয়েছে। কোথাও কোন ময়লা নেই। সেই সাথে বিভিন্ন লাইট পোস্টে বাল্ব লাগানো হয়েছে।
জনস্বাস্থ্য অধিদফতরের নির্বাহী প্রকৌশলী জাহিদ পারভেজ বলেছেন, জনসভা স্থলে চারটি সাবমারসেবল ও ২০টি ট্যাংকি বসিয়েছেন। সেই সাথে ৮০টি মতো টয়লেট স্থাপন করা হয়েছে।
বিদ্যুৎ বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলী শহিদুল ইসলাম বলেছেন, প্রধানমন্ত্রীর জনসভাস্থল করতে স্টেডিয়াম এলাকায় পর্যাপ্ত বিদ্যুৎ ব্যবস্থা থাকবে। এজন্য ট্রান্সমিটার বসানো হবে। সেই সাথে আলাদা জেনারেটর ব্যবস্থা করা হবে।
সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী আবুল কালাম আজাদ জানান, বিমানবন্দর আরবপুর ও খয়েরতলা এলাকায় রাস্তা কার্পেটিং করে চলাচলের উপযোগী করা হয়েছে।
পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী তাওহীদুল ইসলাম বলেছেন, খনন কাজ শেষ করা হয়েছে। জোয়ারভাটার জন্য ব্রিজগুলো অপসারণ করা প্রয়োজন।
সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী একেএম আনিছুজ্জামান বলেছেন, খবু দ্রু রাজারহাট ও খয়েরতলা ব্রিজ অপসারণ করে নতুন ব্রিজের কাজ শুরু করা হবে।
সভায় আরো বক্তব্য রাখেন ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার আক্তারুজ্জামান, নির্বাহী প্রকৌশলী আরিফুল ইসলাম, কেশবপুরের পৌরমেয়র রফিকুল ইসলাম প্রমুখ। এ্রসময় বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।