নিজস্ব প্রতিবেদক
যশোর প্রথম বিভাগ ক্রিকেট লিগে নিজেদের দ্বিতীয় ম্যাচেও জয় পেয়েছে নবাগত শতদল। শনিবার শামস্-উল-হুদা স্টেডিয়ামে তারা ৫৪ রানে উপশহর ক্রীড়া চক্রকে পরাজিত করে। শতদলের করা ১৬০ রানের জবাবে ব্যাট করতে নেমে ১০৬ রান করতে পারে উপশহর ক্রীড়া চক্র। ৫৪ রানের জয়ে লিগের ‘খ’ গ্রুপ থেকে সুপার ফোরে উঠার লড়াইয়ে এগিয়ে রয়েছে শতদল। দুই ম্যাচে তাদের পয়েন্ট চার। দুই ম্যাচ থেকে তিন পয়েন্ট নিয়ে দুই নম্বরে রয়েছে রেইনবো বয়েজ।
মূলত শতদলের মিডিয়াম পেসার তুষারের বোলিংয়ে দ্রুত গুটিয়ে যায় উপশহর। তুষার ম্যাচের ২৩ ও ২৫ ওভারে দুটি করে উইকেট নেয়। ২৫তম ওভারে একবার হ্যাটট্রিকের সম্ভাবনাও জাগিয়ে ছিল। তবে হ্যাটট্রিক না হলেও প্রথমবারের মতো লিগে পাঁচ উইকেটের দেখা পেয়েছেন। তুষার ৮ ওভার বল করে ২টি মেডেনসহ ২১ রানে ৫ উইকেট নেন। তুষার শেষ করার পর উইকেট শিকারে যোগদেন মৌমেন। তাতে ২৬ ওভার ৩ বলে ১০৬ রানে গুটিয়ে যায়। তবে রান তাড়ায় কোন সময়ে জয়ের সম্ভাবনা জাগাতে পারেনি উপশহর। ইনিংসের চতুর্থ বলে সাজঘরে ফিরে যায় ওপেনার ইব্রাহিম। মামুন ও আরমানকে সঙ্গে নিয়ে অপর ওপেনার আমিনুর ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে। তবে তা যথেষ্ট হয়নি। ৬২ রানের মধ্যেই সাজঘরে ফিরে যায় তারা। এরপরই শুরু হয় তুষারের বোলিং তা-ব। উপশহরের মামুন ১৯ বলে ৪টি চারে সর্বোচ্চ ১৯ রান করেন। এরপাশে আবু সাঈদ ১৬, ওমর ১৪, আমিনুর ১৩ ও আরমান ১০ রান করেন। তুষারের পাশে মৌমেন ১৯ ও শামীম ২৬ রানে দুটি করে উইকেট দখল করেন।
এর আগে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ২৮ ওভার ১ বলে ১৬০ রান করে শতদল। দলীয় অধিনায়ক হিমেল ৩০ বলে সমান ৪টি করে চার-ছয়ে সর্বোচ্চ ৪৫, শামীম ও সুপ্ত ১৭ রান করে সংগ্রহ করেন। অতিরিক্ত থেকে দলের খাতায় যোগ হয় ৩৮ রান।
উপশহর ক্রীড়া চক্রের ইয়াসিন ৩২ রানে ৩টি, ইব্রাহিম ২টি, মিরাজ, আবু সাঈদ, মামুন, সিয়াম একটি উইকেট দখল করেন।
