নিজস্ব প্রতিবেদক
ডেন্টাল চিকিৎসা ক্যাম্পের মাধ্যমে দুই লাখ মানুষকে বিনামূল্যে দন্ত চিকিৎসা দেওয়ায় চিকিৎসক ইয়াকুব আলী মোল্লাকে সম্মাননা জানানো হয়েছে। আজ শনিবার বৃহত্তর যশোর জেলা ছাত্র ইউনিয়নের পুনর্মিলনী অনুষ্ঠানে এই সম্মাননা দেওয়া হয়। যশোর পৌর কমিউনিটি সেন্টারে দিনব্যাপী এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মাটি ও মানুষের জন্যে যদি কোথাও কোনো কাজ হয় তাহলে আমি সেখানে সম্পৃক্ত থাকবো বলে ঘোষণা দেন সম্মাননাপ্রাপ্ত চিকিৎসক ইয়াকুব আলী মোল্লা।
দুনিয়ার মওদুর এক হও – শ্লোগান নিয়ে সত্তর- আশির দশকে রাজপথ কাপানো প্রাক্তন ছাত্র নেতাদের মধ্যে ১৫০ জন অনুষ্ঠানে যোগ দেন।
‘আমি সততার শিক্ষা পেয়েছি, মানবিকতার শিক্ষা পেয়েছি, অসাম্প্রদায়িকতার শিক্ষা পেয়েছি, মানবিকতার শিক্ষা পেয়েছি, আমি মুক্ত মানুষের সমাজ ব্যবস্থার শিক্ষা পেয়েছি।’ এই পাঠশালাই হচ্ছে ছাত্র ইউনিয়ন।
এভাবেই অভিব্যক্তি বর্ণনা করলেন অনুষ্ঠানের প্রধান অতিথি ছাত্র ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক ও ডাকসুর সাবেক জিএস (সাধারণ সম্পাদক) মাহবুব জামান।
পুনর্মিলনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সম্মিলনী বাস্তবায়ন কমিটির সহ-সভাপতি খন্দকার আজিজুল হক।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন পুনর্মিলনী কমিটির সদস্য সচিব ও যশোর জেলা সিপিবির সভাপতি আবুল হোসেন, সাবেক ছাত্রনেতা কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মাস্টার নুরুল ইসলাম, রাজশাহী বিশ্ববিদ্যালয় সাবেক সাধারণ সম্পাদক মাগুরার আহমেদ হোসেন । ঝিনাইদহের সাবেক ছাত্রনেতা খন্দকার হাফিজ ফারুক। ট্রেড ইউনিয়ন কেন্দ্র যশোর জেলা সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, ছাত্র ইউনিয়ন যশোর জেলা আহবায়ক মানব আকরাম ও নাবিল নাহার ।
অনুষ্ঠানে সম্মাননা জানানো হয় ন্যাপ কমিউনিস্ট পার্টি, ছাত্র ইউনিয়নের যৌথ গেরিলা বাহিনীর বীর মুক্তিযোদ্ধা চিকিৎসক ইয়াকুব আলী মোল্লাকে।
অনুষ্ঠানে বাউল গান পরিবেশন করেন বাউলিয়া সংঘের শিল্পীরা।
সকালে বেলুন ও ফেস্টুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত প্রবীণেরা একে অপরকে জড়িয়ে ধরে যেন তারা তাদের যৌবনের সংগ্রামের দিনগুলোতে ফিরে যান। এরপর মঞ্চে শুরু হয় স্মৃতিচারণ।
শনিবারের সকালটা পুরানো ও নবীনদের মেলায় পরিণত হয় যশোরের পৌর কমিউনিটি সেন্টার।
সবশেষে সংগঠনের আগামীর দিনে করণীয় কি হবে- তা নির্ধারণ করে একটি ঘোষণাপত্র প্রকাশ করা হয়।
