নাভারণ (যশোর) প্রতিনিধি: দুটি শিশু সন্তানকে নিয়ে কাজের উদ্দেশ্যে বের হয়ে ১৫ দিন যাবৎ নিখোঁজ রয়েছেন যশোরের শার্শা উপজেলার শরীফা খাতুন ওরফে স্বপ্না রায় (৩২) নামে এক গৃহবধূ।
গত ১৯ জানুয়ারি ছেলে শরিফুল ইসলাম সজিব (১১) ও সাইফুল ইসলাম সৌরভ (৬) নামে দুই সন্তানকে নিয়ে বাড়ি থেকে বের হন তিনি। শরীফা বেগম শার্শার দক্ষিণ বুরুজ বাগান গ্রামের কামাল হোসেনের স্ত্রী এবং নিলফামারী জেলার বাদিয়ারমোড় এলাকার অনিল রায়ের মেয়ে। এ ঘটনায় কামাল হোসেন শার্শা থানায় জিডি করেছেন।
কামাল হোসেন বলেন, ঘটনার দিন সকালে নাভারণ আকিজ বিড়ি ফ্যাক্টরিতে কাজের উদ্দেশ্যে দুই ছেলেকে নিয়ে বাড়ি থেকে বের হয়ে সারাদিনের মধ্যে ফিরে না আসায় খোঁজ খবর নেয়া শুরু করি। আত্মীয় স্বজনসহ সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও কোন সন্ধান না পেয়ে হতাশ হয়ে পড়ি।
শার্শা থানার অফিসার ইনচার্জ বদরুল আলম জানান, স্ত্রী সন্তান নিখোঁজের বিষয় নিয়ে একটি জিডি হয়েছে। এ সংক্রান্তে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
কেউ সন্ধান পেলে ০১৮৫২৫৬৩৭৬০ মোবাইল নম্বরে জানানোর অনুরোধ করেছেন কামাল হোসেন।