জীবননগর প্রতিনিধি: চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় গ্রীস্মকালীন পেঁয়াজের ক্ষেত ও নার্সারি বাগান পরিদর্শন করেছেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক এমপি। মন্ত্রী মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় উপজেলার সন্তোষপুর গ্রামে গ্রীস্মকালীন একটি পেঁয়াজের ক্ষেত পরিদর্শন করেন।
এ সময় কৃষকদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদেরকে নির্দেশনা দিয়েছেন কোনো ক্রমেই যেন সারের কোনো সমস্যা না হয়। এ ব্যাপারে কৃষি মন্ত্রনালয়ও খুবই সচেতন রয়েছে। বর্তমানে এবং ভবিষ্যতেও যাতে সারের কোন সংকট না হয়,সে ব্যাপারে আমরা নিবিড় ভাবে কাজ করে যাচ্ছি। বর্তমানে খাবারের সাথে পেঁয়াজ একটি গুরুত্বপূর্ণ উপকরণ। আমাদের দেশে ফাল্গুন-চৈত্র মাসে যে পেঁয়াজগুলো তোলা হয় সেগুলো পচনশীল হওয়ায় বেশি দিন রাখা যায় না। ফলে আশ্বিন-কার্তিক মাসে পেঁয়াজ পাওয়া যায় না। আর যে কারণে আমাদেরকে বিদেশ থেকে পেঁয়াজ আমদানি করতে হয়।
মন্ত্রীর সফর সঙ্গী হিসেবে ছিলেন- চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য আলী আজগার টগর, কৃষি মন্ত্রণালয়ের সচিব সায়েদুল হক, জেলা প্রশাসক আমিনুল ইসলাম খান, পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুন, জেলা পরিষদ চেয়ারম্যান মাহফুজুর রহমান মনজু, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজাদুল ইসলাম, জীবননগর উপজেলা চেয়ারম্যান হাফিজুর রহমান, চুয়াডাঙ্গা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক বিভাস চক্র সাহা প্রমুখ। মন্ত্রী পরে এশিয়া মহাদেশের দ্বিতীয় বৃহত্তম ঝিনাইদহের মহেশপুর উপজেলার দত্তনগর কৃষি বীজ উৎপাদন খামার পরিদর্শন করেন।
আরও পড়ুন: অন্তর্বর্তী সরকারের দাবিতে একসঙ্গে আন্দোলন করবে গণতন্ত্র মঞ্চ ও বিএনপি