কল্যাণ ডেস্ক
দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বৃদ্ধি পেয়েছে। বৃহস্পতিবার (৬ নভেম্বর) দেশের সবগুলো জুয়েলারি মার্কেটে সর্বশেষ সমন্বয়কৃত দামে স্বর্ণ বিক্রি হচ্ছে।
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) গত ১ নভেম্বর রাতে একটি বিজ্ঞপ্তিতে ১ হাজার ৬৮০ টাকা করে দাম বাড়ানোর ঘোষণা দেয়।
সিদ্ধান্ত অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণ বিক্রি হচ্ছে ২ লাখ ১ হাজার ৭৭৬ টাকায়। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৯২ হাজার ৫৯৬ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৬৫ হাজার ৮১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৩৭ হাজার ১৮০ টাকায় বেচাকেনা হচ্ছে।
বিজ্ঞপ্তিতে বাজুস আরও জানিয়েছে, স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে ৫ শতাংশ সরকার-নির্ধারিত ভ্যাট এবং ৬ শতাংশ ন্যূনতম মজুরি অন্তর্ভুক্ত করতে হবে। তবে গহনার ডিজাইন ও মান অনুযায়ী মজুরি পরিবর্তিত হতে পারে।
চলতি বছরে স্বর্ণের দাম দেশের বাজারে মোট ৭৩ বার সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৫০ বার দাম বাড়ানো হয়েছে এবং ২৩ বার কমানো হয়েছে। ২০২৪ সালে দাম সমন্বয় করা হয়েছিল ৬২ বার, যেখানে ৩৫ বার বাড়ানো এবং ২৭ বার কমানো হয়েছিল।
স্বর্ণের দাম বাড়ানো হলেও সবশেষ সমন্বয়ে দেশের বাজারে অপরিবর্তিত রয়েছে রুপার দাম। দেশে ২২ ক্যারেটের এক ভরি রুপা বিক্রি হচ্ছে পূর্বনির্ধারিত দাম ৪ হাজার ২৪৬ টাকায়।
এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ৪৭ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৩ হাজার ৪৭৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপা বিক্রি হচ্ছে ২ হাজার ৬০১ টাকায়।
চলতি বছরে রুপার দাম ৯ বার সমন্বয় করা হয়েছে, যার মধ্যে ৬ বার বেড়েছে এবং ৩ বার কমেছে। গত বছর রুপার দাম মাত্র ৩ বার সমন্বয় করা হয়েছিল।
