নিজস্ব প্রতিবেদক
আজ ৮ এপ্রিল বর্ষীয়ান সাংবাদিক, সাহসী কলম সৈনিক এবং বীর মুক্তিযোদ্ধা একরাম-উদ-দ্দৌলা ৭৪ বছর সম্পূর্ণ করে ৭৫ বছরে পা রাখলেন। তিনি যশোর প্রেসক্লাবের প্রাক্তন সভাপতি এবং যশোর সংবাদপত্র পরিষদের সভাপতি হিসেবে সাংবাদিকতা ক্ষেত্রে দীর্ঘদিন অবদান রেখেছেন।
১৯৫২ সালের এই দিনে ভারতের পশ্চিমবঙ্গের বাদুড়িয়া থানার কলিঙ্গা গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন তিনি। পিতা মরহুম মকছেদ আলী, যিনি প্রখ্যাত ইংরেজি দৈনিক দ্যা স্টেটসম্যান পত্রিকার সহকারী সম্পাদক ছিলেন, এবং মাতা মরহুমা আয়েশা খাতুন।
ছাত্রাবস্থাতেই সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত হন একরাম-উদ-দ্দৌলা। তার পেশাগত জীবন শুরু হয় মাসিক মুকুল, সাপ্তাহিক গণদাবি ও নতুন দেশ-এ সাংবাদিকতার মাধ্যমে। পরবর্তীতে তিনি জেলা প্রতিনিধি হিসেবে যোগ দেন দৈনিক সংবাদ, মফস্বল সম্পাদক হিসেবে ছিলেন দৈনিক গণকণ্ঠ-এ এবং সাপ্তাহিক সত্যকথা-র ব্যবস্থাপনা সম্পাদকের দায়িত্বও পালন করেছেন।
যশোরে ফিরে তিনি দীর্ঘকাল দায়িত্ব পালন করেন দৈনিক ঠিকানা-র নির্বাহী সম্পাদক হিসেবে। ১৯৮৫ সালের ১৫ ফেব্রুয়ারি থেকে শুরু করে দৈনিক কল্যাণ-এর সম্পাদনা ও প্রকাশনার দায়িত্ব গ্রহণ করেন, যা আজও অব্যাহত রয়েছে। এই দীর্ঘ সাংবাদিকতা জীবনে তিনি বহু প্রতিকূলতার মুখোমুখি হয়েও পেশার প্রতি অবিচল থেকে চলেছেন।
সাংবাদিকতার পাশাপাশি একরাম-উদ-দ্দৌলা বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত থেকেছেন। তার অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি জাতীয় ও স্থানীয় পর্যায়ে অসংখ্য পুরস্কার অর্জন করেছেন। দেশের স্বাধীনতার জন্য ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে অংশগ্রহণও করেছেন তিনি।
পারিবারিক জীবনে তার সহধর্মিনী নিলুফার ইয়াসমিন, একমাত্র পুত্র এহসান-উদ-দৌলা মিথুন, যিনি দৈনিক কল্যাণ-এর ভারপ্রাপ্ত সম্পাদক, কন্যা রুবাইয়াত সুলতানা, অক্ষর শিশু শিক্ষালয়ের শিক্ষিকা এবং কন্যা সুমাইয়া সুলতানা, ঢাকার ইয়েল ইংরেজি স্কুলের শিক্ষিকা।
৭৫তম জন্মদিনে একরাম-উদ-দ্দৌলা সকলের দোয়া ও শুভাশিস কামনা করেছেন, যাতে তিনি সুস্থ থেকে পেশাগত জীবনে সাফল্য অর্জন করতে পারেন।
সর্বশেষ
- যশোরে শীর্ষ সন্ত্রাসী ‘খোঁড়া কামরুল’ গ্রেপ্তার
- ঝুঁকিপূর্ণ পল্লী বিদ্যুতের খুঁটি, আতঙ্কে বর্মণপাড়ার ১৩ পরিবার
- “ভয় পাবেন না”— হামলার শিকার ছাত্রনেতা রাশেদের পরিবারকে আশ্বাস প্রতিমন্ত্রী অমিতের
- যশোরে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী অনি আটক, উদ্ধার বিদেশি পিস্তল ও গুলি
- ‘লাব্বাইক’ ধ্বনিতে মুখরিত আরাফাত ময়দান, হজের মূল আনুষ্ঠানিকতায় লাখো মুসল্লি
- জিমের পাশে প্রতিমন্ত্রী অমিত, ফিরতে চান সবুজ মাঠে
- যশোর কেন্দ্রীয় ঈদগাহে প্রথম জামায়াত সকাল সাড়ে ৭টায়
- আগামী কয়েক দিন হজে কী কী করবেন হাজিরা, দেখে নিন একনজরে
