নিজস্ব প্রতিবেদক: যশোর শামস্-উল-হুদা স্টেডিয়ামে ব্যাট হাতে টর্নেডো ইনিংস খেলেছেন চৌগাছা ক্রিকেট একাডেমির সিন ও সোহাগ। মঙ্গলবার যশোর দ্বিতীয় বিভাগ টায়ার-২ ক্রিকেট লিগে দুজনেই তুলে নিয়েছেন সেঞ্চুরি। সিন সেঞ্চুরির পর আর ১৪ রান করে থামেন। তবে সোহাগ তার ইনিংসটি টেনে নিয়ে যান ১৫৩ পর্যন্ত। এই দুজনের সেঞ্চুরিতে প্রথমে ব্যাট করে ২৫ ওভারের ম্যাচে ছয় উইকেট হারিয়ে ৩৪৬ রানের পাহাড় গড়ে চৌগাছা ক্রিকেট একাডেমি। পরে প্রতিপক্ষ ক্লেমন আছিয়া ক্রিকেট ইন্সটিটিউটকে অলআউট করতে না পারলেও ৫৪ রানে আটকে দিয়ে ২৯২ রানের বড় জয় পেয়েছে তারা।
তবে পুরো ২৫ ওভার ব্যাটিং করতে পারাকে বড় সাফল্য হিসেবে দেখছেন ক্লেমন আছিয়ার কর্মকর্তারা।
অপরদিকে উপশহর কেন্দ্রীয় ক্রীড়া উদ্যানে যশোর ক্রিকেট কোচিং সেন্টারকে ৪১ রানে হারিয়ে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে উষা স্পোর্টিং ক্লাব।
এদিন সিন একটু রয়ে সয়ে খেললেও আছিয়ার বোলারদের উপর স্টিম রোলার চালিয়েছেন সোহাগ। সিন ৬৯ বলে ৭টি চার ও ৮টি ছয়ে ১১৪ রান করেন। অপরদিকে সোহাগ ৪৭ বলে ১৫টি চার ও ১৪টি ছয়ের মার মারেন। এরপাশে কাজল ১৩ বলে তিনটি চারে ১৭, পার্বন পাঁচ বলে দু’টি বাউন্ডারি ও একটি ছক্কায় ১৪ ও জনি নয় বলে দু’টি চারে ১৬ রান করেন।
বল হাতে ক্লেমনের পক্ষে সাকিরুল আলম শান্ত ৬৩ রানে, খালিদ হাসান ৭১ রানে ও হাসান হাবিব আসিফ ৭৩ রানে নেন দু’টি করে উইকেট।
ক্লেমনের ব্যাটিং ইনিংসে সর্বোচ্চ ১৭ রান আসে অতিরিক্ত থেকে। ব্যাটারদের রানের পরিসংখ্যান ৭, ২, ৫, ১, ১, ০, ২, ১, ১।
বল হাতে চৌগাছার পক্ষে পার্বন ১৪ রানে চারটি, কাজল আট রানে তিনটি, সিন ও জনি নেন একটি করে উইকেট।
উপশহর কেন্দ্রীয় ক্রীড়া উদ্যানে টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২৫ ওভারে ছয় উইকেট হারিয়ে ১৫৬ রানের দলীয় ইনিংস গড়ে উষা স্পোর্টিং ক্লাব। পরে জবাব দিতে নেমে নির্ধারিত ওভার শেষে নয় উইকেট হারিয়ে যশোর ক্রিকেট কোচিং সেন্টার স্কোর বোর্ডে সংগ্রহ করে ১১৫ রান।
উষার ব্যাটিং ইনিংসে রাসেল হোসেন ৩৯ বলে চারটি বাউন্ডারি ও দু’টি ছক্কায় ৪৫, হাসান ৩৪ বলে চারটি বাউন্ডারি ও একটি ছক্কায় ২৪, রিপন হোসেন রানা ১৬ বলে দু’টি বাউন্ডারি একটি ছক্কায় ২২, রুবেল হোসেন ১৭ বলে চারটি বাউন্ডারি ও একটি ছক্কায় অপরাজিত ২৮ ও তামিম হোসেন সাত বলে একটি বাউন্ডারি ও ছক্কায় অপরাজিত ১৩ রান করেন।
বল হাতে যশোর ক্রিকেট কোচিংয়ের তিশান ১৪ রানে তিনটি, ইয়াসিন আহমেদ ৩৭ রানে দু’টি ও একটি উইকেট নেন সাদিক।
ব্যাট হাতে যশোর ক্রিকেট কোচিং সেন্টারের আসাদুল্লাহ গালিব ১৬ বলে দু’টি চারে ১০, ফয়সাল হাসান ২৪ বলে দু’টি বাউন্ডারি ও তিনটি ছক্কায় ৩২, মাহিনুর ইসলাম ৩৯ বলে চারটি বাউন্ডারিতে ২৭, ও ইয়াছিন আহমেদ ১২ বলে তিনটি চারে ১৩ রান করেন।
বল হাতে উষার পক্ষে আলিফ্জ্জুামান ৩৪ রানে পাঁচটি, তামিম হোসেন ২০ রানে দু’টি এছাড়া একটি করে উইকেট নিয়েছেন মাজহারুল ইসলাম ও সজিব রায়হান।