নিজস্ব প্রতিবেদক: যশোর শহরের প্রাণকেন্দ্র দড়াটানায় সোমবার বিকেলে জেলা আওয়ামী লীগের উদ্যোগে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। যে কারণে গাড়িখানা ও দড়াটানা ও হাসপাতাল মোড়ে সৃষ্টি হয় যানজট। এতে দুর্ভোগ পোহাতে হয় মানুষকে। বিশেষ করে হাসপাতালে আগত রোগীরা বেশি হয়রানির শিকার হন।
গতকাল জেলা আওয়ামী লীগের আলোচনা সভা চলাকালে সিরাজুল ইসলাম নামে এক পথচারী ক্ষোভের সাথে জানান, সব ক্ষমতাসীনরা জনগণকে ভোগান্তি দেয়। হাসপাতাল এলাকায় এভাবে রাস্তা আটকিয়ে সমাবেশ করলে মানুষের যে কষ্ট হয় তা নেতারা বুঝতে পারেন না। অথচ টাউন হল মাঠ বা ঈদগাহে আলোচন সভা বা সমাবেশ করলে এই দুর্ভোগ পোহাতে হতো না।
একই ধরনের মন্তব্য করেন যানজটে আটকে পড়া আরেক পথচারী রবিউল হক। তিনি একটি বেসরকারি কোম্পানিতে কর্মরত। তিনি রাজনৈতিক দলের নেতাদের অনুরোধ করে বলেন, আপনারা এভাবে রাস্তা দখল করে সমাবেশ করলে মানুষের অনেক কষ্ট হয়। ফাঁকা মাঠে করলে সেটি থেকে রেহাই পাওয়া যায়।
এ ব্যাপারে যশোর জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলন জানান, সড়ক আটকিয়ে কোন রাজনৈতিক দলের সমাবেশ করা উচিত না। এতে জনগণের ভোগান্তি হয়ে থাকে। ভবিষ্যতে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হবে।