অভয়নগর প্রতিনিধি: যশোরের নওয়াপাড়ায় ২৪ টি ক্ষুদ্র ও কুটির শিল্প কারখানা আগুনে পুড়ে গেছে। গত শুক্রবার দিবাগত রাতে এ অগ্নিকা-ের ঘটনা ঘটে। অগ্নিকা-ে ব্যাপক ক্ষতি হয়েছে। প্রায় ২ ঘণ্টা পর নওয়াপাড়া ফায়ার সার্ভিসের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আসে। কারখানাগুলোতে কাঠের পিড়ি, বেলুন, কাঠের চামচ, রিহাল, হামানদিস্তাসহ কাঠের বিভিন্ন জিনিসপত্র তৈরি করা হতো।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রাতে কারখানার পাশেই এলাকার সাউদার্ন ইংলিশ স্কুলের নৈশ প্রহরী সাইফুল ইসলাম একটি কারখানায় আগুন জ্বলতে দেখে চিৎকার করতে থাকে। এলাকাবাসী প্রথমে কামাল হোসেনের কারখানায় আগুন জ্বলতে দেখে নওয়াপাড়া ফায়ার সার্ভিসে খবর দেয়। ফায়ার সার্ভিসের লোকজন আসার আগেই আগুন দ্রুত সবগুলো কারখানায় ছড়িয়ে পড়ে। নওয়াপাড়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় ২ ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে।
ক্ষতিগ্রস্থ শফিকুল ইসলাম জানান, আমার আটটি কারখানা সম্পূর্ণ পুড়ে গেছে। গত সপ্তাহে ১০ লাখ টাকা দিয়ে দুইটি মেশিন কিনেছিলাম। সব পুড়ে গেছে।
ক্ষতিগ্রস্থ বিকাশ দাস জানান, আমার একমাত্র সম্বল কারখানাটি পুড়ে সব শেষ হয়ে গেল। এখন আমি কিভাবে চলবো তা ভাবতে পারছি না।
নওয়াপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার টিটব শিকদার বলেন, আমরা ঘটনাস্থলে পৌঁছে দুঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রনে আনি। বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।