নিজস্ব প্রতিবেদক: যশোরে নকল মবিল মজুদ ও বাজারজাত করার অপরাধে দুই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার দুপুরে শহরের আরএন রোডে নির্বাহী ম্যাজিস্ট্রেট সৌম্য চৌধুরীর নেতৃত্বে র্যাব ৬ যশোর ও বিএসটিআই যৌথ অভিযান চালায়। অভিযানে মেসার্স শিহাব এন্টারপ্রাইজ ও অনি অটোমোবাইলসে মোট ১৮ কার্টুন গালফ ও বাজাজের নকল মবিল উদ্ধার করা হয়।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট সৌম্য চৌধুরী জানান, নকল মবিল মজুদ ও বিক্রির অপরাধে বিএসটিআইয়ের অনুমোদন বিহীন ২০১৮ এর ৩০ ধারায় মেসার্স শিহাব এন্টারপ্রাইজ এর মালিককে ১০,০০০ টাকা এবং অনি অটোমোবাইলসের মালিক তরিকুল ইসলাম রাজুকে ১০,০০০ টাকা মোট ২০ হাজার টাকা জরিমানা করে তা আদায় করা হয়েছে । আদায়কৃত টাকা সরকারি কোষাগারে জমা করা হয়েছে।
র্যাব ৬ যশোরের এএসপি তারেক রহমান জানান, দীর্ঘদিন ধরেই এই ব্যবসায়ীরা নকল মবিল মজুদ ও বিক্রি করে আসছে। তারা র্যাবের নজরদারীতে ছিলো। আজ মোবাইল কোর্টের মাধ্যমে তাদের সতর্ক ও জরিমানা করা হয়েছে। তিনি আরও বলেন, র্যাবের ভেজাল বিরোধী এই অভিযান অব্যাহত থাকবে।
আরো পড়ুন: ব্র্যান্ডের বোতলে নকল মবিল