নিজস্ব প্রতিবেদক
জেএফএ কাপ অনূর্ধ্ব-১২ জাতীয় বালিকা ফুটবল চ্যাম্পিয়নশিপে জয় পেয়েছে যশোর জেলা। শনিবার মাগুরা জেলা স্টেডিয়ামে নড়াইল জেলাকে ৬-০ গোলে পরাজিত করেছে যশোরের কিশোরীরা। ছয় গোলের পাঁচটিই করেছেন মামিয়াতুন জান্নাত।
ম্যাচের সাত মিনিটে গোল উৎসবের সূচনা করেন জান্নাত। ম্যাচের প্রথমার্ধেই হ্যাটট্রিক পূর্ণ করেন তিনি। ১০ মিনিটে দ্বিতীয় ও ২৫ মিনিটে তৃতীয় গোল করেন। দ্বিতীয়ার্ধের ১৩ ও ১৯ মিনিটে আরও দুটি গোল করেন জান্নাত। ৫০ মিনিটে অপর গোলটি আসে সুমাইয়া খাতুনের পা থেকে। আজ স্বাগতিক মাগুরা জেলার মুখোমুখি হবে যশোর।
প্রথম পর্বের খেলা দেশের ছয়টি ভেন্যুতে অনুষ্ঠিত হচ্ছে। ভেন্যুগুলো হলো-মাগুরা, রাজশাহী, রংপুর, শেরপুর, ফেনী ও গোপালগঞ্জ। নকআউট ভিত্তিতে ৪ জুন পর্যন্ত চলবে প্রথম পর্বের ম্যাচগুলো। ছয় ভেন্যুর চ্যাম্পিয়ন ছয় দল ও দুই সেরা রানার্সআপ খেলবে চূড়ান্ত পর্বে। ৭ জুন রাজশাহীতে শুরু হবে এই পর্বের খেলা। চূড়ান্ত পর্বে আট দলকে দুটি গ্রুপে ভাগ করে খেলানো হবে।
