নিজস্ব প্রতিবেদক
নদী রক্ষার দাবিকে জোরালো করে যশোরে বিশ্ব নদী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার যশোরে মানববন্ধন ও আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)। বেলা ১১ টায় শহরের প্রাণকেন্দ্র দড়াটানা ভৈরব নদের ব্রিজের উপরে এই মানববন্ধন ও আলোচনা অনুষ্ঠিত হয়।
‘নদী ও জলাধারের প্রাকৃতিক ও সাংস্কৃতিক মূল্যবোধ সংরক্ষণ করুন’ এই প্রতিপাদ্যকে সামনে এক সময়ের প্রমত্তা কপোতাক্ষ, ভৈরব, চিত্রা ও মুক্তেশ্বরী নদীর বর্তমান দুর্দশা ও ভবিষ্যৎ রক্ষায় সচেতনতা বৃদ্ধিই ছিল এবারের আয়োজনের মূল লক্ষ্য।
বিশিষ্ট শিক্ষাবিদ বাপা যশোরের সিনিয়র সদস্য অধ্যক্ষ পাভেল চৌধুরীর সভাপতিত্বে শেখ রাকিবুল ইসলাম নয়নের সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন অধ্যাপক আব্দুল মতলেব সরদার। ঘোষণাপত্র পাঠ করেন ডাক্তার আহসান হাবীব।
মানববন্ধনে বক্তারা নদীর অবৈধ দখল, দূষণ ও নাব্যতাসংকট নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। তারা বলেন, নদী যশোরের জীবনরেখা। এই নদীগুলো মরে গেলে কৃষি, অর্থনীতি ও জনজীবন-সবই বিপন্ন হবে। বক্তারা আরো বলেন, ‘কেবল সরকারি উদ্যোগ নয়, নদীর প্রাণ ফেরাতে জনগণের সক্রিয় অংশগ্রহণ জরুরি। আমরা নদীকে ডাস্টবিন হিসেবে ব্যবহার করা বন্ধ না করলে এই ঐতিহ্য রক্ষা করা সম্ভব নয়।’
বক্তারা নদীতীরে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদের পাশাপাশি নদীর ড্রেজিং ও খনন কাজকে টেকসই করার ওপর জোর দেন। তারা মত দেন যে, নদীকে বাঁচাতে নদীর স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনা এবং নদী দূষণকারীদের বিরুদ্ধে কঠোর আইন প্রয়োগ করা আবশ্যক।
মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন, বাপা যশোর জেলার কমিটির আহ্বায়ক খন্দকার আজিজুল হক মনি, পৌর নাগরিক কমিটির সদস্য সচিব জিল্লুর রহমান ভিটু, বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত অধ্যক্ষ লিয়াকত আলী, অবসরপ্রাপ্ত অধ্যাপক গোপীকান্ত সরকার, অধ্যাপক ফিরোজা বুলবুল কলি, বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা’র সদস্য শামসুন্নাহার পান্না, অ্যাডভোকেট আবুল কায়েস, নাজমুল হাসান, বাপা সদস্য উজ্জ্বল কুমার বালা, অধ্যাপক আবুল কাশেম, শাহজাহান নান্নু, ইঞ্জিনিয়ার সেলিম হোসাইন, রায়হান উদ্দিন রাসেল প্রমুখ।
