সুনীল ঘোষ: অতি ঝুঁকির তালিকায় ছিল যশোর সদরের নরেন্দ্রপুর ইউনিয়ন। কেন্দ্র দখল ও ভোট দেয়া নিয়ে ছিল নানা শঙ্কা ও সংশয়। কিন্তু শঙ্কার ভোট শেষ পর্যন্ত রূপ নেয় উৎসবে। নারী-পুরুষসহ ভোট উৎসবে মেতে উঠেন প্রবীণরাও। তবে এই উৎসবে বিঘ্ন ঘটায় কিছু পুলিশ। দীর্ঘলাইনে অতর্কিত লাঠিচার্জ করায় ভোটার শূন্য হয়ে পড়ে কয়েকটি কেন্দ্র। যেকারণে একটি কেন্দ্রে পৌনে এক ঘন্টা ভোট গ্রহণ বন্ধ থাকে।
নৌকার বিদ্রোহী আনারস প্রতীকের প্রার্থী রাজু আহমেদ বলেন, রূপদিয়া ওয়েল ফেয়ার হাইস্কুল, চাউলিয়া জনতা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও হাটবিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কেন্দ্রে উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ চলছিল। দুপুর ১২টার দিকে এসব কেন্দ্র দখলের চেষ্টা করে প্রতিপক্ষের কর্মী-সমর্থকরা। এ সময় তিনিসহ কর্মী-সমর্থকরা বাধা দিলে পুলিশ লাঠিচার্জ করে। এতে তিনিসহ বেশ কয়েকজন কর্মী-সমর্থক আহত হন। তিনি অভিযোগ করেন, হাটবিলা স্কুল কেন্দ্রে কোতোয়ালি থানার এসআই মনিরের নেতৃত্বে ভোটারদের লাঠিচার্জ করা হয়। এ সময় ডিবি পুলিশের ভুমিকাও ছিল রহস্যজনক। এক পর্যায়ে পৌনে এক ঘন্টা ভোট গ্রহণ বন্ধ থাকে।
পরে বিজিবিসহ আইন-শৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য তাৎক্ষণিক পদক্ষেপ নেয়ায় দুপুর পৌনে একটায় ফের ভোট গ্রহণ শুরু হয়।
হাটবিলার চা বিক্রেতা হাসান মোল্লার দুই স্ত্রী ফতেমা বেগম (৫৫) ও রহিমা খাতুন (৪০) অভিযোগ করেন, তারা পুলিশের মারধরের কারণে সকালের দিকে ভোট দিতে পারেননি। তারা দুপুর পৌনে ৩টার দিকে ফের ভোট দিতে কেন্দ্রে আসেন।
হাটবিলা গ্রামের নুর জাহান (৪৫) ও একই গ্রামের কোহিনুর বেগম (৪৫) জানান, তারা সকালের দিকে ভোট দিতে এসে পুলিশের মারপিটের শিকার হন। পরে নিরাপত্তা জোরদারের খবর শুনে ফের ভোট দিতে আসেন।
দুপুর সোয়া দুইটার দিকে ভোট দিতে আসেন হাটবিলা গ্রামের বৃদ্ধ আমজাদ মোল্লা (৭০)। তিনি বলেন, সকাল থেকে ভয়ে ছিলাম। পরে শুনছি সবাই ভোট দিচ্ছে। তাই আমিও ভোট দিতে আসছি। ভোট দিতে পেরে তিনি খুশি হয়েছেন।
তবে মারপিট করার অভিযোগ অস্বীকার করে কোতোয়ালি থানার এসআই মনির জানান, নৌকার এক কর্মীকে আনারস প্রতীকে ভোট দেয়ার জন্য চাপাচাপি করা হচ্ছিল। বিষয়টি নজরে আসলে তিনি হস্তক্ষেপ করেন।
সংশ্লিষ্ট কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা দীপংকর মল্লিক জানান, উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ চলছিল। হঠাৎ একটি তুচ্ছ ঘটনায় হট্টগোল বাধে। যে কারণে কিছু সময় ভোট গ্রহণ বন্ধ ছিল। পরে নিরাপত্তা জোরদার করায় ফের ভোট গ্রহণ শুরু হয়।