নিজস্ব প্রতিবেদক
যশোর সদর উপজেলার নরেন্দ্রপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাজু আহমেদের বিরুদ্ধে মানববন্ধন ও ধিক্কার কর্মসূচি পালন করা হয়েছে। রূপদিয়া শহীদ স্মৃতি কলেজের অধ্যক্ষের সাথে অসৌজন্যমূলক আচরণ ও হুমকির প্রতিবাদে কলেজের শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীরা এই কর্মসূচি পালন করে। বুধবার সকালে কলেজের পাশে যশোর-খুলনা মহাসড়কের উপর এই কর্মসূচি পালন করে।
এছাড়া কর্মসূচি শেষে চেয়ারম্যানের বিরুদ্ধে কার্যকরী পদক্ষেপ নেয়ার জন্য কলেজের শিক্ষক-কর্মচারিদের পক্ষ থেকে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, গত ১ ফেব্রুয়ারি রূপদিয়া শহীদ স্মৃতি কলেজে ওরিয়েস্টশন ক্লাস ও নবীনবরণ অনুষ্ঠান হয়। ওই অনুষ্ঠানে নরেন্দ্রপুর ইউনিয়নের চেয়ারম্যান রাজু আহমেদকে কেন দাওয়াত দেয়া হয়নি তা জানার জন্য কলেজের অধ্যক্ষের কাছে ফোন করেন। একপর্যায়ে অধ্যক্ষকে অকথ্য ভাষায় গালিগালাজ ও তাকে দেখে নেওয়ার হুমকি দেয়া হয়।
স্মারকলিপিতে আরও উল্লেখ করা হয় চেয়ারম্যান রাজু আহমেদ সম্প্রতি পার্শ্ববর্তী জিরাট আলীম মাদ্রাসা এবং রূপদিয়া ওয়েল ফেয়ার একাডেমির প্রধানগণের সাথেও একই ধরণের আচরণ করেছেন।
এই বিষয়ে রূপদিয়া শহীদ স্মৃতি কলেজের কার্যনির্বাহী কমিটির সভাপতি লুৎফুল কবীর বিজু বলেন, চেয়ারম্যান আমার কাছেও ফোন দিয়ে নবীন বরণ অনুষ্ঠানে তার দাওয়াত না দেওয়ার বিষয়ে জানতে চায়। ছোট পরিসরে অনুষ্ঠান করায় তাকে দাওয়াত দেয়া হয়নি। পরবর্তীতে তাকে দাওয়াত দেয়া হবে বলে আশ্বস্ত করা হয়। পরে জানতে পারি অধ্যক্ষের সাথে খারাপ ব্যবহার করেছেন চেয়ারম্যান রাজু। যা খুবই দুঃখজনক। একজন জনপ্রতিনিধির কাছে এই ধরণের আচরণ গ্রহণযোগ্য নয়।
