নিজস্ব প্রতিবেদক
নানা কর্মসূচির মধ্যে দিয়ে যশোরের শহীদ সাংবাদিক দৈনিক রানার সম্পাদক আর এম সাইফুল আলম মুকুলের ২৬তম ‘হত্যাবার্ষিকী’ পালিত হয়েছে। এসব কর্মসূচির মধ্যে ছিল প্রতিবাদী কালোব্যাজ ধারণ, শ্রদ্ধা নিবেদন, স্মরণ সভা ও দোয়া মাহফিল।
শুক্রবার সকাল ১০টায় প্রেসক্লাব যশোর থেকে সাংবাদিকরা শোক র্যালি করে শহরের চারখাম্বা মোড়ে হত্যারস্থলে পৌঁছায়। এরপর সাংবাদিকদের সংগঠনগুলো ফুলেল শ্রদ্ধা নিবেদন করে। শ্রদ্ধা নিবেদন করেন প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন ও সাধারণ সম্পাদক এসএম তৌহিদুর রহমানসহ নেতৃবৃন্দ। পর্যায়ক্রমে শ্রদ্ধা নিবেদন করেন যশোর সাংবাদিক ইউনিয়ন, সাংবাদিক ইউনিয়ন যশোর, যশোর জেলা সাংবাদিক ইউনিয়ন, ফটো জার্নালিস্ট এসোসিয়েশন, দৈনিক গ্রামের কাগজ, দৈনিক স্পন্দন, দৈনিক রানারসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। বেলা ১১ টার দিকে প্রেসক্লাব যশোরের আয়োজনে সংগঠন মিলনায়তনে দোয়া মাহফিল ও একই স্থানে সাংবাদিক ইউনিয়নের স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।
আয়োজিত স্মরণসভায় সাংবাদিক নেতৃবৃন্দ বলেছেন, ‘রাজনৈতিক রঙ লাগানোর কারণে যশোরের দুই প্রথিতযশা সাংবাদিক সাইফুল আলম মুকুল ও শামছুর রহমান কেবলের হত্যার বিচার হয়নি। শুধু শায়েস্তা করার জন্য শামছুর রহমান হত্যা মামলায় প্রতিপক্ষ সাংবাদিক নেতাদের নাম অন্তর্ভুক্ত করা হয়।’
সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আকরামুজ্জামানের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন প্রেসক্লাব সভাপতি জাহিদ হাসান টুকুন, গ্রামের কাগজ সম্পাদক মবিনুল ইসলাম মবিন, বিএফইউজের সাবেক সহকারী মহাসচিব নূর ইসলাম, দৈনিক সমাজের কথা সম্পাদক আমিনুর রহমান মামুন, সাংবাদিক ইউনিয়ন যশোরের সাধারণ সম্পাদক এসএম ফরহাদ, সাংবাদিক জাহিদ আহমেদ লিটন, রিমন খান প্রমুখ। সভাশেষে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
প্রসঙ্গত, ১৯৯৮ সালের এই দিনে রাত ১০টার দিকে যশোর শহর থেকে নিজ পত্রিকা কার্যালয়ে যাওয়ার পথে সন্ত্রাসীদের বোমা ও গুলিতে নিহত হন রানার সম্পাদক আরএম সাইফুল আলম মুকুল। বর্তমানে মামলাটি উচ্চ আদালত কর্তৃক স্থগিত আছে।
