নিজস্ব প্রতিবেদক: যশোরে সোনিয়া বেগম (২৫) নামে এক নারীকে অপহরণ করে বিক্রি করা হয়েছে বলে সন্দেহ করেছেন তার স্বামী রবিউল ইসলাম। মঙ্গলবার এ ঘটনায় তিনি ৫ জনকে আসামি করে আদালতে মামলা করেছেন। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক পলাশ কুমার অভিযোগ আমলে নিয়ে তদন্তপূর্বক প্রতিবেদন দাখিলের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) আদেশ দিয়েছেন।
আসামিরা হলো, সদর উপজেলার দেয়াপাড়া গ্রামের এরশাদ, রুমা বেগম, তৌহিদুল ইসলাম, কৈখালী গ্রামের তরিকুল ইসলাম ও বিপুল।
দেয়াপাড়া গ্রামের রবিউল ইসলামের অভিযোগ, তিনি টাইলস মিস্ত্রি। প্রতিদিন কাজের উদ্দেশ্যে বাইরে গেলে এই সুযোগে আসামি বিপুল তার বাড়িতে গিয়ে স্ত্রী সোনিয়া বেগমকে উত্যক্ত করতো। এ নিয়ে এলাকায় কয়েক দফা সালিশ বৈঠকও হয়। কিন্তু করা অন্য আসামিরা বিপুলকে নিষেধ না করে উল্টো রবিউল ইসলাম ও তার স্ত্রী সোনিয়া বেগমকে হুমকি ধামকি দিতো। গত ২৬ ফেব্রুয়ারি সকাল সাড়ে ১০টার দিকে সোনিয়া বেগম কেনাকাটার জন্য বাড়ি থেকে বের হন। এ সময় আসামিরা তাকে জোরপূর্বক একটি মাইক্রোবাসে তুলে সেখান থেকে পালিয়ে যায়। রবিউল ইসলাম কাজ শেষে বাড়ি ফিরে এসে তার স্ত্রীকে অপহরণের বিষয়টি জানতে পারেন। তিনি আশঙ্কা করছেন, আসামিরা তার স্ত্রীকে অপহরণ করে নিয়ে গিয়ে অন্য কোথাও বিক্রি করে দিয়েছে।