নিজস্ব প্রতিবেদক
এক মাস আগে নিখোঁজ হওয়া মানসিক রোগী ফরিদা খাতুনের পরিচয় মিলেছে। ফরিদা খাতুন অজ্ঞাতনামা রোগী হিসেবে জেনারেল হাসপাতালে ভর্তি হয়। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) যশোর জেলার ক্রাইমসিন টিম ফরিদা খাতুনের ফিঙ্গার প্রিন্ট সংগ্রহ করে পরিচয় উদ্ধার করে।
পিবিআইয়ের পুলিশ সুপার রেশমা শারমিন জানান, ১৫ মার্চ সকালে অজ্ঞাত নামা রোগী হিসেবে ফরিদা খাতুন (৪০) যশোর জেনারেল হাসপাতালে ভর্তি হয়। তিনি কথা বলতে না পারায় নাম ঠিাকানা জানা সম্ভব হয় না। হাসপাতাল কর্তৃপক্ষ কোতোয়ালি থানা পুলিশে খবর দেয়।
কোতোয়ালি থানা পুলিশ পিবিআইকে অবহিত করে। পিবিআইয়ের ক্রাইমসিন টিম ২০ মার্চ জেনারেল হাসপাতালে উপস্থিত হয়ে অজ্ঞাত মহিলার ফিঙ্গার প্রিন্ট সংগ্রহ করে প্রধান কার্যালয়ে প্রেরণ করে। অজ্ঞাত মহিলার নাম ফরিদা খাতুন বলে জানা যায়। তিনি নেত্রকোনা জেলার কলমাকান্দা থানার নাজিরপুর ইউনিয়নের কান্তপুর গ্রামের মৃত আব্দুল হক ও আয়েশা খাতুনের মেয়ে। ফরিদা খাতুনের ভগ্নিপতি আব্দুল গনি ও আবু চাঁদ পিবিআই যশোর অফিসে আসলে তাদের কাছে বুঝে দেয়া হয়।
